ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ১২ অক্টোবর ২০২৬ ● ২৭ আশ্বিন ১৪৩৩
তুরস্কে ইরাসমাসের দিনগুলো: প্রশিক্ষণ, ভ্রমণ ও নতুন অভিজ্ঞতা
নাজমুল হাসান
প্রকাশ: Monday, 12 October, 2026, 1:50 PM

তুরস্কে ইরাসমাসের দিনগুলো: প্রশিক্ষণ, ভ্রমণ ও নতুন অভিজ্ঞতা

তুরস্কে ইরাসমাসের দিনগুলো: প্রশিক্ষণ, ভ্রমণ ও নতুন অভিজ্ঞতা

বিদেশ ভ্রমণ মানেই শুধু নতুন একটি দেশ দেখা নয়; কখনো কখনো এটি হয়ে ওঠে নিজেকে নতুনভাবে দেখার সুযোগ। ইরাসমাস প্লাস প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিতে তুরস্কে যাওয়া আমার জন্য ছিল তেমনই এক অভিজ্ঞতা। কয়েক দিনের এই সফরে একটি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম কাছ থেকে দেখার পাশাপাশি সময় ব্যবস্থাপনা, আত্ম-উন্নয়ন, আন্তর্জাতিক যোগাযোগ এবং প্রযুক্তিনির্ভর কর্মপরিবেশ সম্পর্কে নতুনভাবে ভাবার সুযোগ পেয়েছি। প্রশিক্ষণের বাইরে প্রতিটি দিনও যেন নিয়ে এসেছে নতুন কোনো গল্প, কখনো আন্তর্জাতিক পেশাজীবীদের সঙ্গে মতবিনিময়, কখনো আধুনিক গবেষণাগার পরিদর্শন, আবার কখনো ঐতিহাসিক স্থাপনা, মসজিদ, পাহাড় কিংবা বসফরাসের নীল জলরেখা। তাই তুরস্কের দিনগুলো আমার কাছে শুধু একটি বিদেশ সফর নয়; এটি হয়ে উঠেছে শিক্ষা, অভিজ্ঞতা ও আত্ম-উপলব্ধিতে সমৃদ্ধ একটি স্মরণীয় শিক্ষাযাত্রা।

তুরস্কে ইরাসমাসের দিনগুলো: প্রশিক্ষণ, ভ্রমণ ও নতুন অভিজ্ঞতা

তুরস্কে ইরাসমাসের দিনগুলো: প্রশিক্ষণ, ভ্রমণ ও নতুন অভিজ্ঞতা


বাংলাদেশ থেকে দীর্ঘ যাত্রা শেষে ইস্তানবুলে পৌঁছে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ করে হোটেলে উঠি। নতুন শহর, নতুন পরিবেশ সবকিছুই ছিল অপরিচিত, তবে কৌতূহলে ভরা। বিকেলে ইস্তানবুলে বসবাসরত কয়েকজন বাংলাদেশির সঙ্গে দেখা হলো। আগে থেকেই যোগাযোগ থাকায় প্রথম দেখাতেও তাঁরা অপরিচিত মনে হননি। দূরদেশে পরিচিত মানুষের সান্নিধ্যে এসে অচেনা শহরটিও যেন কিছুটা আপন হয়ে উঠল। রাতে একসঙ্গে খাবার খেতে খেতে অনুভব করলাম, বিদেশের মাটিতেও বাংলাদেশিদের আন্তরিকতা কত সহজেই আপন করে নিতে পারে।

তুরস্কে ইরাসমাসের দিনগুলো: প্রশিক্ষণ, ভ্রমণ ও নতুন অভিজ্ঞতা

তুরস্কে ইরাসমাসের দিনগুলো: প্রশিক্ষণ, ভ্রমণ ও নতুন অভিজ্ঞতা


পরদিন শুরু হয় সফরের মূল উদ্দেশ্য, ইস্তানবুল গেলিশিম বিশ্ববিদ্যালয়ে ইরাসমাস প্লাস প্রশিক্ষণ। পরিচিতিমূলক সভায় পুরো কর্মসূচির পরিকল্পনা ও বিভিন্ন কার্যক্রম সম্পর্কে বিস্তারিত ধারণা পাই। আন্তর্জাতিক ও ইরাসমাস অফিসের পাশাপাশি নিজের আগ্রহে অ্যাডমিশন অফিস ও স্টুডেন্ট অ্যাফেয়ার্স অফিসও ঘুরে দেখি। বিভিন্ন দেশ থেকে অতিথি ও প্রতিনিধিদলের নিয়মিত আগমন আমাকে বিশেষভাবে আকৃষ্ট করে। মিশর, মালয়েশিয়া, পাকিস্তান, সৌদি আরব ও ইন্দোনেশিয়াসহ বিভিন্ন দেশের শিক্ষার্থী ও অতিথিদের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ হয়। তখন উপলব্ধি করি, আধুনিক বিশ্ববিদ্যালয় শুধু শ্রেণিকক্ষ, শিক্ষক ও শিক্ষার্থীর সমষ্টি নয়; এটি আন্তর্জাতিক যোগাযোগ, জ্ঞান বিনিময় এবং পারস্পরিক সহযোগিতারও একটি সক্রিয় কেন্দ্র।

তুরস্কে ইরাসমাসের দিনগুলো: প্রশিক্ষণ, ভ্রমণ ও নতুন অভিজ্ঞতা

তুরস্কে ইরাসমাসের দিনগুলো: প্রশিক্ষণ, ভ্রমণ ও নতুন অভিজ্ঞতা


হোটেল থেকে বিশ্ববিদ্যালয় খুব বেশি দূরে ছিল না। হেঁটে যেতে সময় লাগত ১০ থেকে ১৫ মিনিটের মতো। পথটি কিছুটা উঁচু-নিচু হওয়ায় ফেরার সময় হাঁটতে একটু বেশি কষ্ট হতো। তাপমাত্রা ২৮ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলেও ইস্তানবুলের বাতাসে ছিল স্বস্তির পরশ। আবার হঠাৎ বৃষ্টি ও ঝোড়ো বাতাসে মুহূর্তেই বদলে যেত আবহাওয়া। প্রশিক্ষণের ব্যস্ততার ফাঁকে এমন ছোট ছোট দৈনন্দিন অভিজ্ঞতাই সফরটিকে দিয়েছে ভিন্ন এক মাত্রা।

তুরস্কে ইরাসমাসের দিনগুলো: প্রশিক্ষণ, ভ্রমণ ও নতুন অভিজ্ঞতা

তুরস্কে ইরাসমাসের দিনগুলো: প্রশিক্ষণ, ভ্রমণ ও নতুন অভিজ্ঞতা


পরের দিন আন্তর্জাতিক বিভাগের পরিচালক ড. আলিসা এবং ইরাসমাস প্লাস বিশেষজ্ঞ ইয়ারেনের সঙ্গে বৈঠক ছিল সফরের অন্যতম গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা। তাঁদের উপস্থাপনায় বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক অবস্থান, গবেষণা, শিক্ষার্থী, পেটেন্ট, গবেষণা কেন্দ্র এবং আন্তর্জাতিক সহযোগিতার বিভিন্ন দিক তুলে ধরা হয়। প্রায় ৯৩০টি পেটেন্ট, ২২টি গবেষণা কেন্দ্র, ৩৭ হাজারের বেশি শিক্ষার্থী এবং ১২ হাজারের বেশি বিদেশি শিক্ষার্থীর তথ্যের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও আন্তর্জাতিক কার্যক্রমের ব্যাপ্তি সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা পাই। একটি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক পরিচিতি শুধু শিক্ষার্থী সংখ্যা বা একাডেমিক কার্যক্রমের ওপর নির্ভর করে না। গবেষণা, উদ্ভাবন, পেটেন্ট, গবেষণা কেন্দ্র, আন্তর্জাতিক শিক্ষার্থী, র‌্যাংকিং ও বৈশ্বিক অংশীদারিত্ব মিলেই একটি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক অবস্থান শক্তিশালী হয়। ইরাসমাস কর্মসূচি পরিচালনায় প্রশাসনিক সমন্বয়, কার্যকর যোগাযোগ ও সুপরিকল্পনার গুরুত্বও আরও ভালোভাবে বুঝতে পারি। সেদিন গেলিশিম টাওয়ারে কর্মরত বাংলাদেশি শিক্ষক রাহমতুল্লাহর সঙ্গে দেখা হয়। তাঁর গবেষণা ও তুরস্কে শিক্ষকতার অভিজ্ঞতা কাছ থেকে শোনা ছিল অনুপ্রেরণাদায়ক। একজন বাংলাদেশি কীভাবে আন্তর্জাতিক পরিবেশে কাজ করছেন, তা নিজের চোখে দেখা আমার জন্য ছিল বিশেষ প্রাপ্তি।

পরের দিন মালয়েশিয়ার মাল্টিমিডিয়া বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে অংশ নেওয়ার সুযোগ হয়। বৈঠকে তাদের গবেষণা, আন্তর্জাতিক সহযোগিতা এবং শিক্ষার্থীদের আন্তর্জাতিক সম্পৃক্ততা নিয়ে বিভিন্ন উদ্যোগ সম্পর্কে জানার সুযোগ পাই। বিশেষভাবে আকর্ষণ করে তাদের ‘জেমস’ কাঠামো, যেখানে শিক্ষার্থীদের নৈতিকতা, মানসিক দৃঢ়তা, উদ্যোক্তা মানসিকতা ও সৃজনশীলতা বিকাশের ওপর গুরুত্ব দেওয়া হয়। এই বৈঠক  থেকে উপলব্ধি করি, আধুনিক বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থীর সাফল্য শুধু পরীক্ষার ফলাফল বা একাডেমিক অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়। যোগাযোগ ও নেতৃত্বের দক্ষতা, আধুনিক প্রযুক্তিনির্ভর সক্ষমতা, সৃজনশীলতা, উদ্যোক্তা মানসিকতা, বৈশ্বিক দৃষ্টিভঙ্গি এবং সামাজিক দায়িত্ববোধও একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ পেশাজীবনের গুরুত্বপূর্ণ ভিত্তি।

এই দিন প্রশিক্ষণ কর্মসূচির সেশন ছিল সময় ব্যবস্থাপনা ও কাজের দক্ষতা বৃদ্ধির ওপর। এতে কাজের অগ্রাধিকার নির্ধারণ, নির্দিষ্ট সময় ধরে কাজ করা, ছোট সময়সীমা নির্ধারণ, স্মার্ট লক্ষ্য নির্ধারণ, পোমোদোরো পদ্ধতি এবং দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি আগে সম্পন্ন করার মতো বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা হয়। এর মধ্যে নির্দিষ্ট সময় ধরে কাজ করার পদ্ধতিটি আমার কাছে সবচেয়ে কার্যকর মনে হয়েছে। প্রতিটি কাজের জন্য নির্দিষ্ট সময় বরাদ্দ করলে একসঙ্গে অনেক কাজের মধ্যে ছুটে বেড়ানোর পরিবর্তে একটি নির্দিষ্ট কাজে মনোযোগ দেওয়া সহজ হয়। আবার বড় কাজকে ছোট ছোট সময়সীমায় ভাগ করে নিলে ধাপে ধাপে এগিয়ে যাওয়া এবং সময়মতো কাজ শেষ করা সম্ভব। স্মার্ট লক্ষ্য নির্ধারণের মাধ্যমে একটি সাধারণ ইচ্ছাকে কীভাবে নির্দিষ্ট, পরিমাপযোগ্য ও সময়সীমাবদ্ধ লক্ষ্যে রূপ দেওয়া যায়, সেটিও নতুনভাবে উপলব্ধি করি। দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বা কঠিন কাজটি দিনের শুরুতেই সম্পন্ন করার কৌশলটিও আমার কাছে বেশ কার্যকর মনে হয়েছে। এই সেশন থেকে আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপলব্ধি, উৎপাদনশীলতা মানে বেশি সময় কাজ করা নয়; বরং সঠিক কাজকে সঠিক সময়ে এবং সঠিক অগ্রাধিকারের ভিত্তিতে সম্পন্ন করা।

পরদিন সেক্রেটারি জেনারেল বিভাগের ব্যক্তিগত সহকারী তুঘচে চেলিকের সঙ্গে মতবিনিময়েম মাধ্যমে প্রশাসনিক কার্যক্রম বোঝা বিশেষভাবে সহায়ক ছিল। তাঁর কাছ থেকে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল কার্যক্রম পরিচালনা, প্রশাসনিক বিষয়গুলোর নিয়মিত তদারকি এবং বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয়ের প্রক্রিয়া সম্পর্কে জানতে পারি। অনলাইনভিত্তিক প্রশাসনিক ব্যবস্থা কীভাবে দ্রুত যোগাযোগ, তথ্য আদান-প্রদান ও কাজের সমন্বয় সহজ করে, সেটিও কাছ থেকে দেখার সুযোগ হয়।

এরপর অংশগ্রহণ করি প্রশিক্ষণের প্রয়োজন নির্ধারণ ও আত্ম-উন্নয়ন বিষয়ক একটি গুরুত্বপূর্ণ সেশনে। আমার কাছে এটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ ছিল, কারণ এখানে অন্য কাউকে নয়, বরং নিজেকেই মূল্যায়ন করার পদ্ধতি শেখানো হয়েছে। নিজের বর্তমান জ্ঞান, দক্ষতা ও সক্ষমতার সঙ্গে ভবিষ্যতে প্রয়োজনীয় দক্ষতার তুলনা করে কোথায় ঘাটতি রয়েছে, তা চিহ্নিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। সহজভাবে বললে, আমি কী শিখব, কেন শিখব, কী ধরনের প্রশিক্ষণ প্রয়োজন, কখন শিখব এবং অর্জিত জ্ঞান কীভাবে কাজে প্রয়োগ করব, এসব প্রশ্নের উত্তর খুঁজেই নিজের উন্নয়নের পথ তৈরি করতে হবে।

পরের দিন ছিল ইরাসমাস প্লাস সফরের অন্যতম আকর্ষণীয় দিন। এদিন ইস্তানবুল গেলিশিম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠান ও গবেষণাগার পরিদর্শনের সুযোগ হয়। টেকনোলজি ট্রান্সফার অফিস পরিদর্শনের মাধ্যমে প্রযুক্তি উন্নয়ন, গবেষণা ও উদ্ভাবন, রোবোটিকস এবং প্রযুক্তিগত অগ্রগতি সম্পর্কে বাস্তব ধারণা পাই। বিশ্ববিদ্যালয়ের গবেষণা কীভাবে প্রযুক্তিগত উন্নয়ন ও বাস্তব প্রয়োগের সঙ্গে যুক্ত হতে পারে, তা এখানে আরও স্পষ্টভাবে বোঝা যায়।

কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণাগার আমাকে দেখিয়েছে, উচ্চশিক্ষা ও গবেষণায় কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা কতটা বিস্তৃত। শিক্ষা, গবেষণা, তথ্য বিশ্লেষণ, উদ্ভাবন এমনকি প্রশাসনিক কাজেও কৃত্রিম বুদ্ধিমত্তা ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, এই উপলব্ধি আরও শক্তিশালী হয়। অগমেন্টেড রিয়েলিটি গবেষণাগার পরিদর্শন ছিল আরও ভিন্নধর্মী অভিজ্ঞতা। বাস্তবের সঙ্গে প্রযুক্তিনির্ভর পরিবেশের সমন্বয়, অনুকরণভিত্তিক শিক্ষা এবং ব্যবহারিক প্রশিক্ষণে এসব প্রযুক্তি কীভাবে কাজে লাগানো যায়, তার ধারণা পাওয়া যায়। গবেষণা ও শ্রেণিকক্ষের গবেষণাগার পরিদর্শনের মাধ্যমে একাডেমিক শিক্ষা, ব্যবহারিক প্রশিক্ষণ, গবেষণা ও প্রযুক্তির সমন্বিত ব্যবহারের বিষয়টিও উপলব্ধি করি।

বিকেলে সিটি ট্যুরের জন্য চলে আসি ফাতিহ এলাকায়। এরপরের দুই দিন ছিল মূলত ইস্তানবুল ও আশপাশের দর্শনীয় স্থান ঘুরে দেখার দিন। তুরস্কে দলগত ভ্রমণের ব্যবস্থা আমার কাছে বেশ সুবিধাজনক মনে হয়েছে। আগে থেকে বুকিং করে বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে ভ্রমণ করা যায়। অনেক ক্ষেত্রে হোটেল থেকে যাওয়া-আসার ব্যবস্থা, দুপুরের খাবার এবং নির্দিষ্ট দর্শনীয় স্থান পরিদর্শনের সুযোগ থাকে। ইস্তানবুলের গণপরিবহন ব্যবহারে ‘ইস্তানবুলকার্ট’ও ছিল বেশ কার্যকর।

ভ্রমণের প্রথম দিন ছিল ইস্তানবুলের বিখ্যাত দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখার দিন। ব্লু-মসজিদ, হিপোড্রোম, হায়া সোফিয়া ও গ্র্যান্ড বাজার ঘুরে এরপর যাই তোপকাপি প্রাসাদে। তোপকাপি প্রাসাদ ছিল আমার সফরের অন্যতম আবেগঘন অভিজ্ঞতা। সেখানে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর সঙ্গে সম্পর্কিত পবিত্র নিদর্শন বা পবিত্র আমানত দেখার সুযোগ আমার জন্য অত্যন্ত বিশেষ একটি মুহূর্ত ছিল। একজন মুসলিম হিসেবে এই অভিজ্ঞতা গভীর আবেগ, শ্রদ্ধা ও ভালোবাসার অনুভূতি তৈরি করে, যা ভাষায় পুরোপুরি প্রকাশ করা কঠিন।

তোপকাপি প্রাসাদ শুধু একটি ঐতিহাসিক প্রাসাদ নয়; এটি অটোমান সাম্রাজ্যের দীর্ঘ ইতিহাসেরও গুরুত্বপূর্ণ সাক্ষ্য। ইস্তানবুলের আরেকটি পরিচিত স্থাপনা হায়া সোফিয়া। দীর্ঘ ইতিহাস, অনন্য স্থাপত্য এবং বিভিন্ন সময়ের ধর্মীয় ও সাংস্কৃতিক পরিবর্তনের সঙ্গে যুক্ত পরিচয় এটিকে বিশেষ করে তুলেছে। এর কাছেই ব্লু-মসজিদ বা সুলতান আহমেদ মসজিদ। ছয়টি মিনার ও নীল টাইলসের জন্য বিখ্যাত এই স্থাপনাটি ইস্তানবুলের অন্যতম পরিচিত স্থাপত্য নিদর্শন। এসব স্থান ঘুরতে ঘুরতে বারবার মনে হয়েছে, ইস্তানবুলে ইতিহাস শুধু জাদুঘর বা বইয়ের পাতায় বন্দী নয়; শহরের স্থাপত্য, রাস্তা এবং গুরুত্বপূর্ণ প্রতিটি স্থানের মধ্যেই ইতিহাস যেন জীবন্ত হয়ে আছে।

ভ্রমণের দ্বিতীয় দিন ছিল বুরসা ভ্রমণ। ইস্তানবুল থেকে প্রায় তিন ঘণ্টার যাত্রায় বুরসা পৌঁছাই। পথজুড়ে ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দৃশ্য এবং পাহাড়ি এলাকার সৌন্দর্য উপভোগ করার সুযোগ হয়। বুরসায় সবচেয়ে স্মরণীয় অভিজ্ঞতাগুলোর একটি ছিল কেবল কারে করে পাহাড়ের ওপর থেকে নিচে নামা। উচ্চতা থেকে নিচের দিকে তাকালে কিছুটা ভয় লাগলেও চারপাশের প্রকৃতি ছিল দারুণ মনোমুগ্ধকর। পাহাড়ের উচ্চতায় ওঠার সঙ্গে সঙ্গে আবহাওয়া আরও ঠান্ডা হয়ে আসে। স্থানীয় খাবার, ফলমূল, পাহাড়ি পরিবেশ এবং ফেরিতে করে ফিরে আসা; সব মিলিয়ে দিনটি দীর্ঘ হলেও ছিল আনন্দময়।

পরের দিন আবার বিশ্ববিদ্যালয়ে যাই। এদিন ছিল ক্যাম্পাস পরিদর্শন এবং ইরাসমাস প্লাস প্রশিক্ষণ সনদ প্রদান অনুষ্ঠান। সনদ গ্রহণের মুহূর্তে মনে হলো, কয়েক দিনের একটি প্রশিক্ষণ কর্মসূচি আসলে কতগুলো নতুন অভিজ্ঞতা, পরিচয় ও শেখার দরজা খুলে দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও সংশ্লিষ্ট সবার কাছ থেকে বিদায় নিয়ে ফিরে আসি ফাতিহ এলাকায়। সেদিন বাংলাদেশি সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে দেখা হয়, ইস্তানবুলের বিখ্যাত আদানা কাবাব উপভোগ করি এবং পরিবারের জন্য কিছু কেনাকাটাও করি।

পরের দিন ছিল ইস্তানবুলকে ইউরোপ ও এশিয়ার দুই দিক থেকে দেখার দিন। দোলমাবাহচে প্রাসাদ, বসফরাস সেতু, চামলিজা মসজিদ, গোল্ডেন হর্ন, আবু আইয়ুব আল-আনসারি মসজিদ, পিয়ের লোতি পাহাড় এবং বসফরাসে নৌভ্রমণ, সব মিলিয়ে দিনটি ছিল ভিন্নধর্মী। ইস্তানবুলের অন্যতম বিশেষত্ব হলো, একটি শহরের মধ্যেই ইউরোপ ও এশিয়ার অভিজ্ঞতা পাওয়া যায়। একই শহরের দুই মহাদেশীয় পরিচয় যেন শহরটির প্রতিটি দৃশ্যকে আলাদা মাত্রা দিয়েছে।

বিশেষ করে বসফরাসে নৌভ্রমণ শহরটিকে নতুন দৃষ্টিতে দেখার সুযোগ দিয়েছে। পানির ওপর থেকে ইস্তানবুলের দুই পাশের স্থাপত্য, পাহাড়, সেতু ও নগরজীবন দেখতে সত্যিই অন্যরকম অনুভূতি হয়। ফাতিহ এলাকায় বাংলাদেশি সম্প্রদায়ের সঙ্গে কাটানো সময়ও ছিল আনন্দের। দিনের ব্যস্ততা শেষে সবাই মিলে রাতের আড্ডা, দেশের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা এবং তুরস্কের বিখ্যাত বাকলাভা খাওয়া, এসব মুহূর্ত বিদেশের মাটিতে নিজের দেশের মানুষের উপস্থিতির উষ্ণতা মনে করিয়ে দিয়েছে।

ইস্তানবুলের শেষ দিনটি ছিল বৃষ্টিভেজা। তবু শেষ মুহূর্তের কিছু কেনাকাটা সেরে দুপুরের খাবার শেষে রওনা হই বিমানবন্দরের পথে। ফেরার সময় মনে হচ্ছিল, একটি ভ্রমণ শেষ হচ্ছে, কিন্তু শেখার পথ যেন আরও বিস্তৃত হলো। ইউরোপীয় ইউনিয়নের ইরাসমাস প্লাস কর্মসূচির আর্থিক সহায়তা এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রাতিষ্ঠানিক সহযোগিতায় পাওয়া এই আন্তর্জাতিক শিক্ষাবিনিময়ের অভিজ্ঞতা আমাকে আরও আত্মবিশ্বাসী, পরিকল্পিত ও দক্ষভাবে কাজ করার অনুপ্রেরণা দিয়েছে। এটি শুধু তুরস্ক ভ্রমণ নয়; নতুন কিছু শেখা, ভিন্ন সংস্কৃতিকে কাছ থেকে দেখা এবং অর্জিত জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগের সুযোগও তৈরি করেছে। ইস্তানবুল থেকে ফিরেছি তাই শুধু স্মৃতি নয়, নতুন অভিজ্ঞতা, উপলব্ধি ও অনুপ্রেরণা নিয়ে।

লেখক : নাজমুল হাসান (পিআরএস, উডব্যাজার)
রোভার স্কাউট লিডার
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এয়ার রোভার স্কাউট গ্রুপ
মোবাইলঃ ০১৮২৯৫৫১১৬৮
ই-মেইলঃ nazmul33-3424@diu.edu.bd

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status