শাকিবের পছন্দের টমেটো দিয়ে টেংরা মাছ রান্না করলেন মা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 18 August, 2022, 12:05 PM
শাকিবের পছন্দের টমেটো দিয়ে টেংরা মাছ রান্না করলেন মা
দীর্ঘ ৯ মাস পর গতকাল বুধবার দুপুরে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে ফিরেছেন শাকিব খান। বেলা ঠিক ১টা ৪ মিনিটে শাকিব খান ভিআইপি লাউঞ্জে এসে পৌঁছান। বিমানবন্দরে নেমে শাকিব বলেন, ‘মনটা খুব ছটফট করছিল। কখন দেশের মাটিতে নিশ্বাস নেব। পরিচিত ও চেনামুখগুলো দেখার অপেক্ষায় ছিলাম। শাকিবকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান তাঁর ছোট বোনের স্বামী আসিফ ওয়াহিদ ও চাচাতো ভাই মনির জামান।
বিমানবন্দর থেকে বাসায় ফেরার পথে শাকিবকে ফোন করে তাঁর ছেলে আব্রাম খান। ছেলের সঙ্গে ভিডিওকলে কথাও বলেন তিনি। বাবার সঙ্গে যখন কথা বলছিল, তখন স্কুল থেকে বসুন্ধরার বাসায় ফিরছিল সে। বিকেল চারটার পর বাবার সঙ্গে দেখা করতে গুলশানের বাসায় আসে সে। বাবা–ছেলে কিছু সময় একসঙ্গে কাটায়ও।
এদিকে ৯ মাস পর ছেলের দেশে ফেরার খবরে শাকিবের মা রেজিয়া বেগম তাঁর ছেলের পছন্দের নানা পদের খাবার রান্না করেন। দুপুরের খাবারের এ তালিকায় ছিল টমেটো দিয়ে টেংরা মাছ, লাউশাক, চিংড়ি দিয়ে বরবটি এবং আলু দিয়ে গরুর মাংস। শাকিব তাঁর গুলশানের বাসায় ফিরেই বাবা–মায়ের পা ছুঁয়ে সালাম করেন। ছেলেকে পেয়ে বুকে জড়িয়ে ধরেন তাঁরা। ছোট বোন মনিও তাঁর সন্তানদের নিয়ে এসেছিলেন ভাইয়ের ঢাকায় ফেরার খবরে। বোনকেও জড়িয়ে ধরে আদর করেন শাকিব। বাসায় তৈরি হয় আবেগঘন এক পরিবেশ। একটা পর্যায়ে ফ্রেশ হয়ে সবাই মিলে একসঙ্গে দুপুরের খাবার খেতে বসেন। শাকিব জানান, ‘লম্বা ভ্রমণের ক্লান্তি পেয়ে বসেছে। আজ (গতকাল) একটু বিশ্রাম নেব। কাল থেকে নতুন কাজের পরিকল্পনায় নেমে পড়তে হবে।’