|
সেই কনস্টেবল হাকিমের এএসপি হওয়ার খবরটি মিথ্যা
নতুন সময় প্রতিবেদক
|
![]() সেই কনস্টেবল হাকিমের এএসপি হওয়ার খবরটি মিথ্যা তবে এ বিষয়ে খোঁজ নিতে গিয়ে মেলে চাঞ্চল্যকর তথ্য। হাকিমের দেওয়া তথ্যে রয়েছে বিস্তর গরমিল। আদতে বিসিএসে উত্তীর্ণ তো দূরের কথা, পরীক্ষাই দেননি আবদুল হাকিম। আবদুল হাকিম বলেন, ‘২০১০ সালে সায়দাবাদ উচ্চবিদ্যালয় থেকে মাধ্যমিক সম্পন্ন করেছি। এর পর রায়পুরা কলেজ থেকে ২০১২ সালে সম্পন্ন করি উচ্চমাধ্যমিক। ২০১২-১৩ সেশনে ভর্তি হই নরসিংদী সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে। এর কিছুদিন পর পুলিশ কনস্টেবল পদে চাকরি হয়।’ ২০১৩ সালে পুলিশে যোগদান করার পর প্রথমে গাজীপুরে শিল্প পুলিশে পোস্টিং হয় হাকিমের। কিন্তু ২০১৫ সালে বদলি হয়ে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) আসেন, পোস্টিং হয় পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) বিভাগে। সেখানে থাকা অবস্থায়ই নরসিংদী সরকারি কলেজ থেকে ২০১৬ সালে অনার্স শেষ করেন। আবদুল হাকিম বলেন, ‘দুই বছরের ব্যবধানে ২০১৮ সালে পাবলিক সার্ভিস কমিশনে আবেদন করি। প্রিলিমিনারিতে কৃতকার্য হওয়ার পর পর্যায়ক্রমে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ নিই। চলতি বছরের ৩০ মার্চ ৪০তম বিসিএসের ফলে পুলিশ ক্যাডারের মেধাতালিকায় ৬৭তম হিসেবে জায়গা করে নিই।’ তিনি দাবি করেন, ‘গুলশানে পোস্টিং থাকা অবস্থাতেই ভাইভা দেই। গত বছরের ২৩ মার্চ আমার ভাইভা অনুষ্ঠিত হয়। তবে এর কয়েকদিন পরই ৩০ মার্চ থেকে করোনার কারণে ভাইভা পরীক্ষা স্থগিত করে পিএসসি।’ শুধু তাই নয়, নরসিংদী সরকারি কলেজ থেকে ২০১৬ সালে স্নাতক পাস করার কথা বললেও আসলে ওই বছরের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে উত্তীর্ণদের তালিকায় আবদুল হাকিমের নাম নেই। এমনকি ২০১২-১৩ শেসনের শিক্ষার্থীদের তালিকায়ও তার নাম খুঁজে পাওয়া যায়নি। বেশ কয়েকজন শিক্ষার্থী বলছেন, ২০১২-১৩ শেসনে ভর্তি হওয়া শিক্ষার্থীরা অনার্স শেষ করেছেন ২০১৭ সালে। ওই বছর রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক পাশ করা তিন শিক্ষার্থীর সঙ্গে যোগাযোগ করা হলে তারা প্রত্যেকেই জানান, আবদুল হাকিম নামে কেউ তাদের সহপাঠী ছিলেন না। তবে সিনিয়র বা জুনিয়র কেউ এ নামে থাকতে পারেন। জানতে চাইলে নরসিংদী সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান সিরাজুল ইসলাম বলেন, ‘শুনেছি আবদুল হাকিম নামে আমাদের এক শিক্ষার্থী পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছে।’ তিনি কোন ব্যাচের জানতে চাইলে ওই শিক্ষক বলেন, ‘২০১৩-১৪ সালের হতে পারে। তবে খাতা না দেখে শিওর (সঠিক) বলা যাবে না।’ এ বিষয়ে জানতে আবদুল হাকিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয় গতকাল বুধবার। অনেকবার ফোন ও মেসেজ করলেও তিনি সাড়া দেননি। সর্বশেষ গতকাল রাত ৯টার দিকেও পুলিশের এ সদস্যের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। মেসেজ পাঠানো হয় তার মোবাইল নম্বরে। জানতে চাওয়া হয় ‘পিএসসির তালিকা অনুযায়ী আপনি পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হননি। ৬৭তম হয়েছেন দাবি করলেও ওই পজিশন সঞ্জীব দেব নামের একজনের। এ ছাড়া নরসিংদী সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে ২০১৬ সালে পাস করা তালিকায়ও আপনার নাম নেই। অথচ আমার কাছে দাবি করেছিলেন আপনি ওই কলেজ থেকে ২০১৬ সালে স্নাতক পাস করেছেন। তা ছাড়া বিসিএস লিখিত পরীক্ষার সময় আপনি যে ঢাকার বাইরে ছিলেন, সে তথ্য প্রমাণও রয়েছে। আর ভাইভা অনুষ্ঠিত হয়েছে ফেব্রুয়ারিতে, কিন্তু আপনি দাবি করেছেন, মার্চের ২৩ তারিখে ভাইভা দিয়েছেন। এ বিষয়ে আপনার বিস্তারিত বক্তব্য দরকার।’ ফোন ধরতে অনুরোধ করে মেসেজ দিলেও আবদুল হাকিম বারবার ফোন কেটে দেন। রাত ৯টার পর এ প্রতিবেদকের নম্বরটি তার মোবাইলের ব্লক লিস্টে রেখে দেন। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
