ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ১৬ নভেম্বর ২০২৬ ● ৩০ কার্তিক ১৪৩৩
ফাঁসির আসামির আত্মীয়রা ফেসবুকে কুৎসা রটাচ্ছে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 6 April, 2022, 12:29 PM

ফাঁসির আসামির আত্মীয়রা ফেসবুকে কুৎসা রটাচ্ছে

ফাঁসির আসামির আত্মীয়রা ফেসবুকে কুৎসা রটাচ্ছে

আগুনে পুড়িয়ে মারা ফেনীর সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যার তিন বছর পূর্ণ হচ্ছে আজ। ২০১৯ সালের ৬ এপ্রিল সকালে আলিমের (এইএসসি) আরবি প্রথম পত্র পরীক্ষার হল থেকে ডেকে তার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। রাফি হত্যা মামলার বিচার করোনায় ব্যাহত হচ্ছে বলে বাদীর আইনজীবী জানিয়েছেন। এদিকে মেয়েটির পরিবার অভিযোগ করেছে, আসামির আত্মীয়-স্বজন ফেসবুকে ক্রমাগতভাবে তাঁদের বিরুদ্ধে বিভিন্ন ভাবে কৎসা রটাচ্ছে।

৬ এপ্রিলের ঘটনা সম্পর্কে নিহত নুসরাতের মা শিরিনা বলেন, ‘ঘটনার কিছুক্ষণ পর সকাল ১০টার কিছু পর ছেলে নোমান মোবাইলফোনে আমাকে ঘটনা জানায়। সঙ্গে সঙ্গে ফেনী সদর হাসপাতালে যাই। সেখানকার চিকিৎসকরা ঢাকা মেডিক্যালে নেওয়ার পরামর্শ দেন। অ্যাম্বুল্যান্স নিয়ে ঢাকায় রওনা দিই। পথে কিছু কথা নুসরাত বলেছিল, যা মোবাইল ফোনে ধারণ করা আছে। কারা কিভাবে তাকে ডেকে নিয়ে আগুন দিয়েছে তার বক্তব্যেরও একাধিক ভিডিও রয়েছে।’

শিরিনা বলেন, ‘মৃত্যুর আগে বার্ন ইউনিটে চিকিত্সকের কাছে দেওয়া জবানবন্দিতে নুসরাত বলেছিল আমাকে ছাদে ডেকে নেওয়ার পর সেখানে যারা ছিল তাদের মধ্যে আমি একজনকে চিনতে পেরেছি। সে হলো হুজুরের (সিরাজ) জেঠাশের মেয়ে তুহিন (উম্মে সুলতানা পপি)। তাকে আটক করা হলে কারা কারা জড়িত ছিল, সব প্রকাশ হবে। ওই ভিডিওটি সংরক্ষিত আছে।’ পরে জবানবন্দি থেকে জানা যায়, নুসরাতকে যৌন নিপীড়নের মামলায় গ্রেপ্তার হয়ে জেলহাজতে থাকা অবস্থায় ওই শিক্ষার্থীকে হত্যার নির্দেশ দিয়েছিলেন অধ্যক্ষ (বর্তমানে বরখাস্ত) এস এম সিরাজ উদ দৌলা। দুই অনুগত ছাত্র নুর উদ্দিন ও শাহাদাত হোসেন শামীম জেলখানায় সিরাজের সঙ্গে দেখা করতে গেলে তিনি নুসরাতকে চাপ দিয়ে মামলা প্রত্যাহার করাতে বলেন। এতে কাজ না হলে তাকে পুড়িয়ে হত্যার পর ঘটনাটি আত্মহত্যা বলে চালানোর নির্দেশনাও দেন তিনি।

এতে রাফির শরীরের ৮৫ শতাংশ পুড়ে যায়। চার দিন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর ৯ এপ্রিল রাত সাড়ে ৯টায় মারা যান নুসরাত। এই মামলায় ২০২০ সালের ২৪ অক্টোবর রায়ে ১৬ আসামিকে মৃত্যুদণ্ড দেন ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদ। পাশাপাশি প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে জরিমানা করেন। আসামিরা হলেন সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসার সাবেক অধ্যক্ষ এস এম সিরাজ উদ-দৌলা (৫৭), নুর উদ্দিন (২০), শাহাদাত হোসেন শামীম (২০), কাউন্সিলর ও সোনাগাজী পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাকসুদ আলম (৫০), সাইফুর রহমান মোহাম্মদ জোবায়ের (২১), জাবেদ হোসেন ওরফে সাখাওয়াত হোসেন (১৯), হাফেজ আব্দুল কাদের (২৫), আবছার উদ্দিন (৩৩), কামরুন নাহার মনি (১৯), উম্মে সুলতানা পপি (১৯), আব্দুর রহিম শরীফ (২০), ইফতেখার উদ্দিন রানা (২২), ইমরান হোসেন মামুন (২২), সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও মাদরাসা পরিচালনা কমিটির সাবেক সহসভাপতি রুহুল আমিন (৫৫), মহিউদ্দিন শাকিল (২০) ও মোহাম্মদ শামীম (২০)।

ওই ঘটনার তিন বছর উপলক্ষে গতকাল মঙ্গলবার নুসরাতের মা শিরিন আক্তার বলেন, আমরা বিচারিক আদালতে ন্যায়বিচার পেয়েছি। শুনেছি উচ্চ আদালতে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা আপিল করেছেন। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে মামলার রায় দ্রুত কার্যকরের ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। মামলার বাদী নুসরাতের বড় ভাই মাহমুদুল হাসান নোমান বলেন, আমাদের জন্য মারাত্মক হুমকি হচ্ছে খুনির স্বজনদের ব্যবহৃত ফেসবুক। তারা ফেসবুকে আমাদের পরিবারের বিরুদ্ধে প্রতিনিয়ত বিষোদগার করে, যা ইচ্ছা তাই লিখে যাচ্ছে। তাদের ব্যবহৃত ফেসবুকই হচ্ছে চরম আতঙ্ক।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status