বাসায় ফিরলেন তবে নিথর দেহে। রাজধানীর মহাখালী কলেরা হাসপাতালের সামনে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলেই মারা যান আমিনুল (২৫)। তার সঙ্গে থাকা বন্ধু সুমন (৩৫) প্রাণে বাঁচলেও আছেন হাসপাতালে ভর্তি। শুক্রবার (১১ মার্চ) রাত ৩টার দিকে এ দুর্ঘটনা হয়।
রাতে ঢাকার ফাঁকা সড়কে সর্বোচ্চ গতিতে মোটরসাইকেলে দুই বন্ধু। কিন্তু সেই বেপরোয়া গতিই হলো কাল। নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে বাইক থেকে ছিটকে পড়েন আমিনুল ও সুমন। ঘটনাস্থলেই মারা যান আমিনুল।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেপরোয়া গতির কারণেই মহাখালী কলেরা হাসপাতালের সামনে দুর্ঘটনাটি হয়। গুরুতর আহত অবস্থায় সুমনকে ঢাকা মেডিকেলে উদ্ধার করে নিয়ে যান পথচারীরা।
পথচারীরা বলেন, হঠাৎ বিকট শব্দ পাই। পরে দৌড়ে এসে দেখি, দুইটি বাইক দুর্ঘটনা আর দুজন মানুষ। এর মধ্যে একজন ঘটনাস্থলেই নিহত। ডিভাইডারের সঙ্গে ধাক্কা খেয়েই এ দুর্ঘটনা ঘটে। এতে মাথা ফেটে যায়।
বনানী থানার উপপরিদর্শক মো. সাইফুল আলম বলেন, তারা উত্তর দিক থেকে দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে আসছিলেন। হয়তো ডিভাইডারে ধাক্কা খেয়ে এ দুর্ঘটনা ঘটেছে।
নিহত আমিনুল মহাখালী স্কুল রোডের স্থানীয় বাসিন্দা। পরিবারের ৪ ভাইবোনের মধ্যে সবার বড়। আহত সুমনের বাড়ি নিকেতনের দক্ষিণ পাড়ায়।