রাজধানীর শান্তিনগর এলাকায় পীর সাহেবের গলির ছোট্ট বস্তিতে পানি নেই তিন দিন ধরে। এতেই চরম ভোগান্তিতে পড়েছেন বস্তির ৩৫টি পরিবারের একশর বেশি মানুষ। এর আগেও বেশ কয়েকবার দিনের পর দিন পানি ছিল না। বারবার সামাধান চেয়েও পাচ্ছেন না কোনো সমাধান এমনটাই দাবি বস্তিবাসীর।
দুই হাতে ১০ লিটারের পানির বোতল নিয়ে ফিরছেন ৬৫ বছর বয়সী রোকসানা বেগম। অসুস্থ শরীর ঠিকমতো হাঁটতে পারছেন না। তারপরও প্রয়োজনের তাগিদে পানি আনতে যেতে হচ্ছে অনেকটা দূরে।
তিনি বলেন, এখানে ২০ বছর ধরে থাকি। পানির জন্য অনেক কষ্ট করতে হয়। এখানকার ছেলেমেয়েরা সহযোগিতা করে। সারা দিন কাজ করে ঘরে এসে কষ্ট করে পানি টানতে হয়।
এ রকম পরিস্থিতি রাজধানীর শান্তিনগর পীর সাহেবের গলির অধিকাংশ বাড়িতে। রান্না, খাওয়া গোসল, এমনকি টয়লেটের জন্যও থাকে না পানি। চরম ভোগান্তিতে আছেন বস্তিতে বসবাসরত ৩৫টি পরিবার।
ভুক্তভোগীরা বলছেন, বাচ্চারা গোসল করতে পারছে না। গত ৩ থেকে ৪ দিন ধরে পানি নেই। হঠাৎ করে কিছু সময়ের জন্য পানি আসে। এখানে যে এতগুলো লোক, পানি নেওয়া নিয়ে কাড়াকাড়ি লেগে যায়। আবার পানি চলেও যায়।
অসহায় এই মানুষ যেভাবে পারছেন সংগ্রহ করছেন পানি। কেউ ডিপ টিউবওয়েল থেকে আবার অনেকে কিনে আনছেন পানি।
বাসার মালিক বলেন, আমার বাসায় ডিপ টিউবওয়েল আছে। পানির অভাব নেই। গরিব মানুষ পানির জন্য যাতে কষ্ট না করে, তাই এখান থেকে পানি নিতে অনুমতি দিয়েছি।
এ বিষয়ে ফকিরাপুল পানির ট্যাংকি এলাকায় ওয়াসার আঞ্চলিক অফিসের কারও বক্তব্য পাওয়া যায়নি।