মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ৪৮০ কেজি জাটকা জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় জাটকা বহনের দায়ে আটক করা পিকআপভ্যানের চালক ও সহকারীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
শুক্রবার (১১ মার্চ) মুন্সীগঞ্জ সদর উপজেলার মুক্তারপুর সেতুর টোল প্লাজা থেকে ৪০০ কেজি জাটকা ভর্তি পিকআপসহ দুজনকে আটক করা হয়। পরে ধলেশ্বরী তীরের মিরকাদিমে আরও ৮০ কেজি জাটকা জব্দ করা হয়। জাটকাগুলো বাজারজাতের চেষ্টায় রাখা হয়েছিল। তবে জাটকার মালিক পাওয়া যায়নি।
জব্দকৃত সব জাটকা মুক্তারপুর নৌপুলিশ স্টেশন প্রাঙ্গণে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় বিভিন্ন এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।
মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ হাসিব সরকার জানান, জাটকাগুলো উপকূলীয় এলাকা থেকে শিকারের পর বাজারজাত করার জন্য এখানে নিয়ে আসা। ১ মার্চ থেকে দেশের ছয়টি অভয়ারণ্যে সব প্রকার মাছ ধরা নিষিদ্ধ রয়েছে। এ ছাড়া সারা দেশে ৩০ জুন পর্যন্ত জাটকা নিষিদ্ধ করা হয়েছে।