সোসাইটি ফর ওয়ার্ল্ডওয়াইড ইন্টারব্যাংক ফাইন্যান্সিয়াল টেলিকমিউনিকেশন (সুইফট )। এটি বেলজিয়ামভিত্তিক আন্তর্জাতিক প্রতিষ্ঠান। এর মাধ্যমে দ্রুত ও নিরাপদে আন্তর্জাতিক লেনদেন করা হয়। সুইফট থেকে রাশিয়ার নির্দিষ্ট কয়েকটি ব্যাংককে বাদ দিতে একমত হয়েছে ইউরোপীয় ইউনিয়ন, ফ্রান্স, জার্মানি, ইতালি, যুক্তরাজ্য, কানাডা ও যুক্তরাষ্ট্র। শনিবার এক যৌথ বিবৃতিতে দেশগুলো ইউক্রেনে রাশিয়ান আগ্রাসনের বিরুদ্ধে নিন্দা জানিয়ে এ মতৈক্যে পৌঁছায় বলে জানিয়েছে বিবিসি।
তবে এখনই রাশিয়ার পুরো ব্যাংকিং সেক্টরকে সুইফট থেকে বের করে দেওয়া হচ্ছে না। প্রাথমিকভাবে নির্দিষ্ট কিছু ব্যাংককে এ নিষেধাজ্ঞার আওতায় আনা হবে। ধীরে ধীরে তা বাড়ানো হবে।
বিবৃতিতে বলা হয়, ‘রুশ সেনা বাহিনী ইউক্রেনের রাজধানী কিয়েভ এবং দেশটির অন্যান্য শহরগুলোতে হামলা চালিয়ে যাচ্ছে। রাশিয়াকে আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থা এবং বৈশ্বিক অর্থনীতি থেকে আরও বিচ্ছিন্ন করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমরা।’
বিবৃতিতে আরও বলা হয়, এটা নিশ্চিত করা হবে যে, নির্দিষ্ট ওই ব্যাংকগুলো আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন হবে এবং বিশ্বব্যাপী তাদের কার্যক্রম চালানোর ক্ষতির মুখোমুখি হবে। রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংককে পঙ্গু করে দেওয়ার জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেন।
সুইফট এর পূর্ণরূপ সোসাইটি ফর ওয়ার্ল্ডওয়াইড ইন্টারব্যাংক ফাইন্যান্সিয়াল টেলিকমিউনিকেশন। এটি বেলজিয়ামভিত্তিক আন্তর্জাতিক প্রতিষ্ঠান। এর মাধ্যমে দ্রুত ও নিরাপদে আন্তর্জাতিক লেনদেন করা হয়। বিশ্বের ২০০টির বেশি দেশে ১১ হাজার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে সুইফট যুক্ত।
টানা উত্তেজনার পর অবশেষে গত বৃহস্পতিবার রাশিয়া ইউক্রেনে হামলা চালিয়েই বসে। এর পরিপ্রেক্ষিতে রাশিয়াকে অর্থনৈতিকভাবে একঘরে করে দিতে চায় আমেরিকাসহ দেশটির ইউরোপীয় মিত্ররা। যুক্তরাজ্যসহ বেশ কয়েকটি দেশের পক্ষ থেকে জোরালো দাবি ওঠে রাশিয়াকে বিশ্বের অন্যতম পেমেন্ট সিস্টেম সুইফট থেকে বাদ দেওয়ার।
তবে বিপরীতে প্রশ্ন ওঠে সুইফট থেকে রাশিয়ায় সেবা দেওয়া বন্ধ হলে বিশ্বের অন্যান্য দেশে কোনো প্রভাব পড়বে কি না। এই প্রশ্নের জবাবে ইউরোপীয় ইউনিয়নসহ অন্যান্য দেশগুলোর মধ্যে তৈরি হয় মতভেদ। তবে শেষ পর্যন্ত মতভেদের সমাপ্তি ঘটল। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অবশ্য আগেই গো ধরেন সুইফট থেকে রাশিয়াকে বাদ দেওয়ার জন্য।
সুইফট ব্যাংকিং নেটওয়ার্ক থেকে রাশিয়াকে বাদ দিতে জোর দাবি জানিয়ে আসছিল ইউক্রেন। আসন্ন নিষেধাজ্ঞা ইউক্রেন সমর্থকদের জন্য ‘বিজয়’ বলে উল্লেখ করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবার। শনিবার এক ফেসবুক পোস্টে তিনি জানান, সুইফট নেটওয়ার্ক থেকে রাশিয়াকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা চলছে। অফিসিয়ালি সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি, তবে টেকনিক্যালি প্রিপারেশন (প্রযুক্তিগত প্রস্তুতি) এবং এটি বাস্তবায়নে ইতোমধ্যে কার্যক্রম শুরু হয়েছে।