বিয়ে করে কর্মস্থলে স্বামী, ২ দিন না যেতেই লাশ হলেন নববধূ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 16 February, 2022, 6:05 PM
বিয়ে করে কর্মস্থলে স্বামী, ২ দিন না যেতেই লাশ হলেন নববধূ
লক্ষ্মীপুরে বিয়ের দুদিন পর সোনিয়া আক্তার নামে এক নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন স্বজনরা।
মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাঞ্চানগর গ্রামের হাওলাদার বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। সোনিয়া একই গ্রামের আবু তাহেরের মেয়ে। তিনি লক্ষ্মীপুর সরকারি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
স্বজনেরা জানান, শনিবার ঘরোয়া পরিবেশে সদর উপজেলার মান্দারি ইউনিয়নের রেদোয়ান হোসেন ওরফে রুবেলের সঙ্গে সোনিয়ার বিয়ে হয়। বিয়ের পরদিনই রুবেল ঢাকায় চলে যান। বিয়ের পর বউভাত না হওয়ায় বাবার বাড়িতেই থাকেন সোনিয়া।
মঙ্গলবার সকালে স্বামীর সঙ্গে মুঠোফোনে কথা বলেন সোনিয়া। এরপর থেকে তিনি স্বাভাবিক ছিলেন। দুপুরে দীর্ঘ সময় ধরে নিজ ঘরের দরজা-জানালা বন্ধ করে রাখেন তিনি। কোনো সাড়াশব্দ না পেয়ে জানালার ফাঁক দিয়ে সোনিয়াকে ঝুলতে দেখেন বাড়ির লোকজন। পরে দরজা ভেঙে লাশ নামিয়ে পুলিশে খবর দেন স্বজনরা।
লক্ষ্মীপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. মমিনুল হক বলেন, সোনিয়া আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তার স্বামী রুবেল ঢাকায় থাকেন। তিনি এলে আইনি ব্যবস্থা নেয়া হবে।