টাকার জন্য শিক্ষক স্ত্রীর ওপর নির্দয় হতেন শিক্ষক স্বামী
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 16 February, 2022, 11:30 AM
টাকার জন্য শিক্ষক স্ত্রীর ওপর নির্দয় হতেন শিক্ষক স্বামী
টাকার জন্য নিজের পদবি ও সামাজিক মর্যাদা ভুলে গেছেন দীপন অধিকারী নামে এক শিক্ষক। শিক্ষক স্ত্রীর কাছ থেকে টাকা না পাওয়ায় তাকে প্রায়ই নির্দয়ভাবে নির্যাতন করতেন তিনি। অবশেষে স্ত্রীর অভিযোগের প্রেক্ষিতে আটক করে কারাগারে গেছেন সেই স্বামী।
আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বরিশালের আগৈলঝাড়ায় শিক্ষক স্ত্রীকে যৌতুকের জন্য অমানুষিক নির্যাতনের অভিযোগে করা মামলায় শিক্ষক স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। পরে আদালতের মাধ্যমে মঙ্গলবার বিকেলে তাকে বরিশাল কারাগারে পাঠানো হয়েছে ।
মো. মাজহারুল ইসলাম জানান, উপজেলার বাকাল ইউনিয়নের জোবারপাড় গ্রামের গৌরাঙ্গ হালদারের মেয়ে ও নাঘিরপাড় মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মনিকা হালদারকে সরবাড়ি গ্রামের নারায়ন অধিকারীর ছেলে ও আস্কর মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজের (বিদ্যালয় শাখার) শরীরচর্চা শিক্ষক দীপক অধিকারী ১৩ বছর আগে সামাজিকভাবে বিয়ে করেন।
মনিকা হালদার জানান, বিয়ের পর থেকে তার উপার্জিত সব অর্থ স্বামী দীপকের হাতে তুলে দিয়েছেন। সেই টাকা দিয়ে স্বামীর বাড়িতে সুরম্য ভবন (বিল্ডিং) নির্মাণ করা হয়েছে। এরপরও টাকার জন্য তাকে প্রায়ই নির্যাতন করে স্বামী দীপক অধিকারী।
এ ঘটনায় ভুক্তভোগী মনিকা বাদী হয়ে মঙ্গলবার সকালে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে দীপক অধিকারীর নামে মামলা করেন। এরপর দুপুরে এসআই মিলটন মণ্ডল অভিযান চালিয়ে দীপক অধিকারীকে নিজ এলাকা থেকে গ্রেফতার করেন। পরে তাকে বিকেলে আদালতের মাধ্যমে বরিশাল কারাগারে পাঠানো হয়েছে।