জেলার সদর উপজেলায় বটতৈল ইউনিয়নে শ্বশুরবাড়ি থেকে নাসির বিশ্বাস (৩৪) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৪ জানুয়ারি) দুপুরে ইউনিয়নের লাহিনী বটতলা এলাকার খন্দকার পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত নাসির সদর উপজেলার আলামপুর ইউনিয়নের কাথুলিয়া গ্রামের সাজ্জাক বিশ্বাসের ছেলে। তিনি ইলেকট্রিক মিস্ত্রি ছিলেন।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, প্রায় ৪ বছর আগে শওকত আলীর মেয়ে সুমাইয়া খাতুন কাঞ্চনকে প্রেমের সম্পর্ক করে বিয়ে করেন নাসির বিশ্বাস। রোববার বিকেলে শ্বশুরবাড়ি বেড়াতে যান নাসির। সোমবার সকালে তার পরিবার জানতে পারে নাসির মারা গেছে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতারের মর্গে পাঠায়।
নাসিরের শ্বশুরবাড়ির লোকজনের দাবি, নিজেই ঘরের মধ্যে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে নাসির।
এদিকে নিহত নাসিরের ছোট ভাই নাজমুলের দাবি, নাসিরকে হত্যার পর তার শ্বশুরবাড়ির লোকজন গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে রেখেছে।
নাসিরের স্ত্রী সুমাইয়ার প্রথম স্বামী ২০১৪ সালে সড়ক দুর্ঘটনায় মারা যান। পরে ২০১৬ সালে প্রেম করে বিয়ে করে নাসির ও সুমাইয়া। আগের পক্ষের একটি ছেলে সন্তানও রয়েছে। বিয়ের পর থেকেই নাসির তার বাড়িতে থাকতো এবং সুমাইয়া ঢাকায় গার্মেন্টসে চাকরি করতো। সুমাইয়া কুষ্টিয়ায় নিজ বাড়িতে বেড়াতে আসায় নাসির শ্বশুরবাড়িতে যায়।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল ইসলাম বলেন, খবর পেয়ে শ্বশুরবাড়ি থেকে নাসিরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।