সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শ্বশুরবাড়ি বেড়াতে এসে সাইদুল ইসলাম (৩০) নামে এক যুবক ৮ দিন ধরে নিখোঁজ রয়েছেন। তাকে আত্মীয়-স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি কোন সন্ধান না পাওয়ায় আতঙ্কে উদ্বিগ্ন হয়ে পড়েছে পরিবার।
নিখোঁজ সাইদুল ইসলাম সিরাজগঞ্জ পৌর এলাকার দিয়ারধানগড়া (সরদারপাড়া) মহল্লার মনজের আলীর ছেলে।
নিখোঁজ সাইদুলের বাবা মনজের আলী বলেন, গত শুক্রবার (১৬ জুলাই) সাইদুল ইসলাম সারাদিন দোকানদারী করে দুপুরে বাসায় খাবার খেতে আসেন। পরে খাওয়া দাওয়া শেষ করে বিকেলে বাসা থেকে বের হন। রাত হলেও তিনি বাসায় না ফেরেননি। পরে তাকে খোঁজাখুঁজি করে শনিবার সকালে তার শ্বশুর বাড়িতে ফোন দিয়ে নিশ্চিত হওয়া যায় শুক্রবার রাত ১২টার দিকে উল্লাপাড়া উপজেলার এনায়েতপুর গুচ্ছ গ্রামে তিনি তার শ্বশুরবাড়ি গিয়েছিলেন।
সাইদুল ইসলামের শ্বশুর বাড়ি থেকে জানায়, শনিবার (১৭ জুলাই) সকালে সাইদুল সিরাজগঞ্জ বাড়ির উদ্দেশে রওনা হন। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। সেই থেকে সাইদুল ইসলাম নিখোঁজ রয়েছেন। আত্মীয়-স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান না পাওয়ায় আতঙ্কে উদ্বিগ্ন হয়ে পড়েছে পরিবার।
এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার ডিউটি অফিসার এএসআই মাহফুজুর রহমান বলেন, এ ঘটনায় থানায় এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।