অবশেষে সেই গাল কাটা জাহাঙ্গীর ৫ সহযোগীসহ গ্রেপ্তার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 14 July, 2021, 7:33 PM
অবশেষে সেই গাল কাটা জাহাঙ্গীর ৫ সহযোগীসহ গ্রেপ্তার
চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী মো. জাহাঙ্গীর প্রকাশ গাল কাটা জাহাঙ্গীরকে (২৫) ৫ সহযোগীসহ গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় দুইটি ছুরি উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার বাকিরা হলেন মো. ইমন শরীফ প্রকাশ ইমন (১৯), মো. সাইফুল প্রকাশ সুমন (২৪), মো. মনির (২১), মো. নজরুল আহমেদ সাগর (২০) এবং সাইদুর রহমান ইবু (২২)।
জানা গেছে, জাহাঙ্গীর পুলিশ দেখলেই ব্লেড দিয়ে তার জিহ্বা কেটে ফেলে বলে তাকে গাল কাটা জাহাঙ্গীর নামে ডাকে সবাই। কোরবানিকে সামনে রেখে তারা জড়ো হয়েছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পুলিশকে জানিয়েছে।
ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, গাল কাটা জাহাঙ্গীর শীর্ষ ছিনতাইকারী। সে প্রায় কাজই নিজে না করে চক্রের সদস্যদের দিয়ে করাতো। তার বিরুদ্ধে মামলা মাত্র ৪টি। সে খুবই ধূর্ত। পুলিশ দেখলেই ব্লেড দিয়ে নিজের জিহ্বা কেটে ফেলে যাতে তাকে আহত মনে করে পুলিশ না ধরে! গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৩ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে আগ্রাবাদ সিএন্ডএফ টাওয়ারের পাশে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড অফিসের প্রধান ফটকের সামনে থেকে ইমন, সুমন ও মনিরকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের তথ্যের ভিত্তিতে তাদের প্রধান জাহাঙ্গীর প্রকাশ গাল কাটা জাহাঙ্গীরসহ আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের এ কর্মকর্তা আরও জানায়, গ্রেপ্তার মো. ইমন শরীফ প্রকাশ ইমনের বিরুদ্ধে ৫টি, মো. সাইফুল প্রকাশ সুমনের বিরুদ্ধে ২টি, মো. নজরুল আহমেদ সাগরের বিরুদ্ধে ৪টি এবং সাইদুর রহমান ইবুর বিরুদ্ধে ১টি মামলা রয়েছে।