সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিক রানার বাড়িতে অনশন করছেন এক প্রেমিকা। রোববার রাত থেকে উপজেলার বাঙ্গালা ইউপির দক্ষিণ-গাইলজানী গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, স্কুল থেকেই পড়ার সময় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এখন তিনি কুচিয়ামারা ডিগ্রি কলেজের ছাত্রী। এ নিয়ে মঙ্গলবার সকালে এলাকায় জনসাধারণের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ সময় প্রেমিক রানার বাড়িতে ভিড় জমায় এলাকাবাসী।
জানা যায়, সোমবার রাত থেকে আ. খালেকের ছেলে প্রেমিক রানার বাড়িতে একই গ্রামের এক কলেজ ছাত্রী বিয়ের দাবিতে অনশন করছে। এর আগেও দিন রাতে মেয়ের বাড়িতে রানা অনৈতিক কাজ করার জন্য গেলে গ্রাম বাসীর নজরে পড়ে। এ সময় তাকে ধরার চেষ্টা করলে প্রেমিক তার মোবাইল, সিম, ঘড়ি, জুতা রেখে পালিয়ে যায়। কলেজ ছাত্রী নিজের সম্মান বাচাঁতে বিয়ের দাবিতে ছেলের বাড়িতে গিয়ে ওঠে মেয়েটি। রানার অভিভাবকরা প্রথমে বিয়ের আশ্বাস দিলেও পরে রানা এবং তার মা পালিয়ে যায়। বর্তমানে বাড়িতে কেউ না থাকায় রানার চাচার কাছে প্রেমিকাকে রেখে দেয়া হয়েছে।
প্রেমিকা বলেন, গত তিন বছর আগে থেকেই রানার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। রানা আমাকে বিয়ে করবে বলে আশ্বাস দিয়েছে। রানা ও তার পরিবারের লোকজন বিয়ের বিষয়টির সুরাহা দিতে হবে। তা না করা পর্যন্ত অনশন চলবে।
বাঙ্গালা ইউপি সদস্য হায়দার আলী বলেন, মেয়ের পরিবারের সঙ্গে কথা হয়েছে। তবে ছেলের পরিবার পলাতক থাকায় মীমাংসা করা সম্ভব হয় নি। নিরুপায় হয়ে ওই মেয়েকে ছেলের চাচার কাছে রাখা হয়েছে।
বাঙ্গালা ইউপি চেয়ারম্যান সোহেল রানা বলেন, ঘটনার পর মীমাংসা করার জন্য ইউপি সদস্য হায়দার আলী চেষ্টা করেছেন। তবে ছেলের পরিবার পলাতক থাকায় সম্ভব হয়নি, পরে মেয়ের পরিবার থানায় অভিযোগ করেছে বলে বিষয়টি শুনেছি।
উল্লাপাড়া মডেল থানার ওসি দীপক কুমার দাস বলেন, ঘটনার বিষয়টি থানায় একটা অভিযোগ পেয়েছি। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইন গত ব্যবস্থা নেয়া হবে।