কারাগারে হেফাজত নেতার মৃত্যু: সুষ্ঠু তদন্ত দাবি বাবুনগরীর
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 21 May, 2021, 5:01 PM
কারাগারে হেফাজত নেতার মৃত্যু: সুষ্ঠু তদন্ত দাবি বাবুনগরীর
অরাজনৈতিক ধর্মীয় সংগঠন হেফাজতে ইসলামের নেতা মাওলানা ইকবাল হোসেনের কারাগারে মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে এই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন সংগঠনের আহবায়ক আল্লামা জুনায়েদ বাবুনগরী।
শুক্রবার (২১ মে) সংবাদমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে হেফাজতের আহবায়ক মাওলানা ইকবালের মৃত্যুর কারণ বের করতে এ দাবি জানান।
তিনি বলেন, মাওলানা ইকবাল হোসেন হেফাজতে ইসলামের জন্য নিবেদিত প্রাণ একজন দায়িত্বশীল ছিলেন। কারাবন্দি অবস্থায় মৃত্যুবরণ করা ইসলামের জন্য তার এ ত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে ইনশাআল্লাহ।
মাওলানা ইকবাল হোসেন হেফাজতে ইসলামের নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নেতা ছিলেন।
আল্লামা বাবুনগরী বলেন, মাওলানা ইকবাল হোসেনকে গ্রেপ্তারের পর রিমান্ডে নেয়া হয়েছিল। রিমান্ডে অসুস্থ হলে তাকে চিকিৎসার জন্য হসপিটালে ভর্তি করা হয়। আমরা জানতে পেরেছি, অসুস্থ হওয়ার পরও সঠিক সময়ে তাকে যথাযথ চিকিৎসা সেবা দেয়া হয়নি। কারাবন্দি অবস্থায় গতকাল হসপিটালেই তার মৃত্যু হয়েছে। মাওলানা ইকবাল হোসেনের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত।
তিনি আরো বলেন, কারাবন্দি অবস্থায় অসুস্থ হলে কয়েদিকে যথাযথ চিকিৎসা সেবা দেয়ার বিধান রয়েছে। মাওলানা ইকবাল হোসেনকে যথাযথ চিকিৎসা সেবা না দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হয়েছে কিনা- সে বিষয়টি খতিয়ে দেখতে কারা কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আহবান করছি।
আল্লামা জুনায়েদ বাবুনগরী আরো বলেন, গ্রেপ্তার হওয়া ওলামায়ে কেরামের মধ্যে অনেক বয়োবৃদ্ধ আলেম রয়েছেন। তাদের মধ্যে অনেকেই কারাগারে অসুস্থ হয়ে পড়েছেন বলে খবর পেয়েছি। অসুস্থ হওয়া ওলামায়ে কেরামসহ এ পর্যন্ত গ্রেপ্তার হওয়া সকল আলেমদের নিঃশর্ত মুক্তির দাবি করছি।