নৌকায় এসি লাগিয়ে বিশেষ খ্যাতি অর্জন করেছিলেন লুৎফর ডাকাত। ওই নৌকাতেই আত্মগোপনে থাকতেন তিনি। যমুনা নদীর দুর্গমচরে আত্মগোপনে থেকে বিভিন্ন অপরাধমূলক কাজ করে আসছিল লুৎফর।
দুর্গমচরের যে নৌকায় তিনি আত্মগোপনে থাকতেন সেটি ছিল থাইগ্লাস লাগানো এয়ারকন্ডিশন্ড নৌকা। আর এর ভেতর তার জীবনযাপনও ছিল ব্যতিক্রমী। টিভি-ফ্রিজ সমৃদ্ধ এই নৌকাতেই ছিলো ভোগের জীবন। তবে এসব চলতো সৌরবিদ্যুতে। নৌকাতে সিসি ক্যামেরাও আছে।
দুর্গম এলাকায় পুলিশের অভিযান ঝুঁকিপূর্ণ হওয়ায় দুর্গম চরে আস্তানা গড়ে বিলাসী জীবন যাপন করেন লুৎফর। তার বাহিনীতে বিভিন্ন জেলার শতাধিক সদস্য রয়েছে বলে জানা গেছে। অবশেষে সোমবার রাতে বগুড়ার সারিয়াকান্দির চালুয়াবাড়ির দুর্গমচর থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ওয়ান শ্যুটারগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
জেলা ডিবি পুলিশের ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন, লুৎফরের বিরুদ্ধে সারিয়াকান্দি থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। বগুড়া, রংপুর, জয়পুরহাট, গাইবান্ধা ও জামালপুরে অপরাধমূলক কাজ করতেন। এছাড়াও তার বিরুদ্ধে ৪টি খুনসহ ডাকাতি মামলা, ৩টি ডাকাতির প্রস্তুতি মামলা, ১টি দস্যুতা মামলা, ২টি অস্ত্র মামলাসহ মোট ১৫টি মামলা রয়েছে।