মেয়ে ও জামাইয়ের বিরুদ্ধে বৃদ্ধার মামলা, দুই সন্তানের কান্নায় জামিন পেলেন মা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 23 December, 2020, 3:50 PM
মেয়ে ও জামাইয়ের বিরুদ্ধে বৃদ্ধার মামলা, দুই সন্তানের কান্নায় জামিন পেলেন মা
বৃদ্ধার করা মামলায় কারাগারে বন্দি ছিল মেয়ে এবং জামাই। সেই মামলায় তাদের কারাগারে পাঠান আদালত। পাঁচদিন ধরে প্রতিবেশীদের ঘরে আশ্রয়ে থাকা সন্তান দুটি মা-বাবার জন্য কেঁদেই যাচ্ছিলো। শুক্রবার থেকে মাকে তাদের কাছ থেকে দূরে রাখা হয়।
নিজের মেয়ে ওয়াসিমা ও জামাই তোফায়েলের নামে চুরি ও মারধরের মামলা করেন ৬০ বছরের বৃদ্ধা মোমেনা বেগম। শিশু ইয়াসিনের বয়স প্রায় ২ বছর, আর তার বোন টুম্পার বয়স মাত্র ৩ বছর।
মঙ্গলবার সারাদিন প্রতিবেশির হাত ধরে কাঁদতে কাঁদতে আদালতে মা-বাবাকে জামিন করাতে গিয়েছিল দুই শিশু। কিন্তু ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত (সিজিএম) তাদের মা-বাবার জামিন দেননি। তাই আজ বুধবার আদালতের বারান্দায় কান্না করা ওই দুই শিশুর মাকে জামিন দেন হাইকোর্ট। তবে বাবাকে জামিন দেননি আদালত।
স্বপ্রণোদিত হয়েই হাইকোর্ট এ আদেশ দেন। এসময় মামলার বাদী ওই দুই শিশুর নানীর (মোমেনা বেগম) সঙ্গে খারাপ আচরণ করলে জামিন বাতিল হবে বলেও জানান হাইকোর্ট।
মঙ্গলবার সিজিএম আদালতের ম্যাজিস্ট্রেট জামিন না দিয়ে উল্টো আদালতে বেশি কান্নাকাটি করায় উপস্থিত পুলিশকে শোকজ করেন।