শরীয়তপুর পৌরসভা: আওয়ামী লীগের মনোনয়ন লড়াইয়ের দৌড়ঝাঁপ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 12 December, 2020, 2:59 PM
শরীয়তপুর পৌরসভা: আওয়ামী লীগের মনোনয়ন লড়াইয়ের দৌড়ঝাঁপ
পৌরসভা নির্বাচনের দ্বিতীয় ধাপে শরীয়তপুর পৌরসভার তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তফসিল ঘোষণার পর থেকেই মাঠে নেমেছেন সম্ভাব্য প্রার্থীরা। পোস্টার লিফলেটে ছেয়ে গেছে গোটা পৌর এলাকা। সম্ভাব্য প্রার্থীরা পরিচিত হচ্ছেন পাড়া মহল্লায়। নিজের শক্তি জানান দিতে শোডাউন করছেন অনেকেই। মেয়র পদে প্রার্থী হিসেবে অনেকের নাম শোনা যাচ্ছে। তবে কেন্দ্রের দিকে তাকিয়ে আছে তৃণমূলের কর্মী সমর্থকরা।
এ দিকে বিগত বছরে পৌর এলাকায় উন্নয়নে কে কি ভূমিকা রেখেছে তার হিসাব-নিকাশ কষতে শুরু করেছেন ভোটাররা। কোন প্রার্থী নির্বাচিত করলে জনগণের উন্নয়ন হবে, জনগণ পৌরসভার কাছ থেকে নাগরিক সুবিধা পাবে, এসব বিষয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ।
আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে আলোচনায় রয়েছেন বর্তমান মেয়র ও ম্যাবের সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রলীগ নেতা রফিকুল ইসলাম কোতোয়াল, শরীয়তপুর পৌরসভা আওয়ামী লীগের সভাপতি এমএম জাহাঙ্গীর মৃধা, শরীয়তপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ছাত্রলীগ নেতা নুরুল আমিন কোতোয়াল, সাবেক জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিদ্দিকুর রহমান পাহাড়, বর্তমান প্যানেল মেয়র ও শরীয়তপুর বাস মালিক সামতির সাধারণ সম্পাদক বাচ্চু বেপারী, এড. পারভেজ রহমান জন।
দ্বিতীয় ধাপে আগামী ১৬ জানুয়ারি শরীয়তপুর পৌরসভার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মনোয়নপত্র জমাদানের শেষ তারিখ ২০ ডিসেম্বর। এ পৌরসভায় শতভাগ ইভিএম এ ভোট গ্রহণ করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।