|
ডেমরার ডগাইর পূর্বপাড়া থেকে ভূমি ও দলিল জালিয়াত চক্রের তিন সদস্য গ্রেফতার
নতুন সময় ডেস্ক
|
![]() ডেমরার ডগাইর পূর্বপাড়া থেকে ভূমি ও দলিল জালিয়াত চক্রের তিন সদস্য গ্রেফতার গ্রেফতার ব্যক্তিরা হলেন—চক্রের অন্যতম সদস্য হিসেবে পরিচিত আবু তাহের (৬০), যিনি স্থানীয়ভাবে ‘জাল তাহের’ নামে পরিচিত, এবং তার দুই ছেলে আবু জাহের ও শাহরিয়ার সুজন। পুলিশ ও স্থানীয়দের অভিযোগ, গ্রেফতার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এলাকায় ভূমি-সংক্রান্ত জালিয়াতির সঙ্গে জড়িত। তারা বিভিন্ন ব্যক্তির নামে কথিত বানোয়াট ও জাল দলিল তৈরি করে তা ব্যবহার করে দেওয়ানি ও ফৌজদারি মামলা দায়ের করতেন। পরবর্তীতে মামলা থেকে রেহাই বা সমঝোতার কথা বলে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ আদায়ের অভিযোগও রয়েছে। অভিযোগ রয়েছে, চক্রটি জাল ওয়ারিশ সনদ তৈরি, সদর রেকর্ড রুমের বালামের পৃষ্ঠা পরিবর্তন, সাব-রেজিস্ট্রারের স্বাক্ষর জাল করা এবং জাল দলিলের সহিমোহর নকল সরবরাহসহ বিভিন্ন ধরনের জালিয়াতিমূলক কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে জড়িত। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে এ ধরনের কর্মকাণ্ডের কারণে এলাকাবাসী নানা হয়রানি ও ভোগান্তির শিকার হয়ে আসছিলেন। তাদের গ্রেফতারের ঘটনায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। একই সঙ্গে তারা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা এবং উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন। তবে অভিযোগগুলোর বিষয়ে তদন্ত শেষে প্রকৃত ঘটনা ও সংশ্লিষ্টদের দায় আইনগত প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারিত হবে।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
