আমার বন্ধুর জন্য শুভকামনা, করোনা আক্রান্ত ট্রাম্পকে মোদি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 2 October, 2020, 1:36 PM
আমার বন্ধুর জন্য শুভকামনা, করোনা আক্রান্ত ট্রাম্পকে মোদি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ট্রাম্প টুইটারে এই বার্তা দেয়ার ঘণ্টাখানেকের মধ্যেই তার জন্য শুভকামনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ট্রাম্পকে বন্ধু সম্বোধন করে তার ও তার স্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করে টুইট শেয়ার করেছেন ভারতের প্রধানমন্ত্রী।শুক্রবার বেলা পৌনে ১১টার দিকে টুইট শেয়ার করেন নরেন্দ্র মোদি। ক্যাপশনে তিনি বলেন, আমার বন্ধু ডোনাল্ড ট্রাম্প এবং মেলানিয়া ট্রাম্পের দ্রুত সুস্থতা কামনা করছি।
এর আগে ডোনাল্ড ট্রাম্প নিজেই টুইটে ঘোষণা দেন, তিনি এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর আগে ট্রাম্পের উপদেষ্টা হিকস করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর তারা কোয়ারেন্টিনে চলে যান।
ট্রাম্প টুইটে জানান, ‘আমরা ইতিমধ্যেই কোয়ারেন্টিনে চলে গেছি। সংক্রমণ সেরে উঠতে শিগগিরই আমরা চিকিৎসা প্রক্রিয়া শুরু করব। এবং আশা করি আমরা শিগগিরই একসঙ্গে করোনা জয় করব। ’ এর আগের টুইটে তিনি জানান, ৩১ বছর বয়সী হোপ হিক্সের করোনা ভাইরাস পজিটিভ আসার পর তারা উভয়ই কোয়ারেন্টিনে চলে যান।
করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে বয়স্কদের ঝুঁকিই সবচেয়ে বেশি। ৭৪ বছর বয়সী ট্রাম্প সেই বয়স শ্রেণিতেই পড়েছেন। আর মেলানিয়ার বয়স ৫০ বছর।
৩১ বছর বয়সী হোপ হিক্স এ সপ্তাহের শুরুতে ট্রাম্পের সঙ্গে ‘এয়ার ফোর্স ওয়ান’ এ ভ্রমণ করেছিলেন। একটি টেলিভিশন বিতর্কে অংশ নিতে ট্রাম্প ওহাইওতে গিয়েছিলেন। গত মঙ্গলবার ক্লিভল্যান্ডে প্রেসিডেন্টের উড়োজাহাজ থেকে নামার সময় হিক্সের মুখে মাস্ক ছিল না বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি। পরদিন বুধবার একটি নির্বাচনী সমাবেশে অংশ নিতে হেলিকপ্টারে করে মিনেসোটায় যান ট্রাম্প। সেখানেও তার সঙ্গে ছিলেন হিকস।
ট্রাম্পের চিকিৎসক শ্যেন কোনলি এক বিবৃতিতে জানিয়েছেন, এই মুহূর্তে প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি উভয়েই ভালো আছে। তারা হোয়াইট হাউসে বাসাতেই থাকার পরিকল্পনা করছেন।