এশিয়ায় ইদানীং দেখা যাচ্ছে নারীদের জন্য বিশেষ ভিডিও গেম লিগ, যারমধ্যে উল্লেখযোগ্য নাম ‘ফিমেল ইস্পোর্টস লিগ’!
গুগলের একটি সাম্প্রতিক গবেষণা জানিয়েছে, এশিয়ায় পুরুষদের তুলনায় বেশি ভিডিও গেম খেলছেন নারীরা৷ বিশেষ করে ভারত, চীন ও জাপানে নারীদের মধ্যে বাড়তি আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে৷
ব্রিটিশ গণমাধ্যম বিবিসি’র এক প্রতিবেদন গুগলের গবেষণার বরাত দিয়ে জানায়, ২০১৯ সালে এশিয়ায় নারী খেলোয়াড়দের হার ১৯% বেড়েছে৷ ভিডিও গেমের বিশ্বব্যাপী পরিসংখ্যান বলছে, শুধু এশিয়া থেকেই আসে মোট ৪৮% এই সংক্রান্ত আয়৷ গুগলের এশিয়া প্যাসিফিক অঞ্চলের কর্মকর্তা রোহিণী ভূষণ বলেন, ‘‘প্রতিবছর যে লাখ লাখ নতুন খেলোয়াড় আসছেন তারমধ্যে নারীদের অংশগ্রহণ লক্ষণীয়৷''
গুগলের পার্টনার গবেষণা সংস্থা নিকোস পার্টনারস জানায়, ২০১৯ সালে নারী খোলোয়াড়দের সংখ্যা ৩৮ শতাংশ বৃদ্ধি পায়৷ বর্তমানে, বিশ্বজুড়ে রয়েছেন মোট ১৩৩ কোটি ভিডিও গেম খেলোয়াড়৷
কিন্তু এশিয়ায় পুরুষের চেয়ে বেশি নারীরাই ভিডিও গেমের জগতে৷ সবচেয়ে বেশি ৪৫% নারী খেলোয়াড় রয়েছেন চীনে, দক্ষিণ কোরিয়া, জাপানে রয়েছেন ৪০% নারী ভিডিও গেমার৷
কেন বাড়ছে নারীদের অংশগ্রহণ
গুগল এশিয়া প্যাসিফিকের অ্যাপস, পার্টনারশিপ ও মার্কেটিং বিভাগের প্রধান ম্যাট ব্রকলেহার্স্ট বলেন, ‘‘মোবাইলে ভিডিও গেম খেলায় যে মজা, স্বাধীনতা ও সহজ ইন্টারফেস রয়েছে তা-ই টেনে আনছে নারীদের৷ বিশেষ করে এশিয়ায় যেভাবে মোবাইলে ইন্টারনেট ব্যবহার করার প্রবণতা বাড়ছে, তা-ও এই ধারার জন্য গুরুত্বপূর্ণ৷''
এছাড়া, নানা ধরনের প্রতিযোগিতা, স্পন্সরশিপ ও পুরস্কারের সূত্রে ভিডিও গেমের দুনিয়ায় নারী খেলোয়াড়রা আয় করেছে প্রায় ২০ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ১৭০ কোটি টাকা) মূল্যের অর্থ৷ নারীদের আকর্ষণক্ষমতা তাদেরকে ক্রমেইগেম জগতে গুরুত্বপূর্ণ করে তুলছে বলেও জানাচ্ছে প্রতিবেদনটি৷
পাশাপাশি, এশিয়ায় আজকাল দেখা যাচ্ছে নারীদের জন্য বিশেষ ভিডিও গেম লিগ, যারমধ্যে উল্লেখযোগ্য নাম “ফিমেল ইস্পোর্টস লিগ”৷