ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৪ জুন ২০২৬ ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
হুয়াওয়ের স্মার্টফোনে নতুন প্রশ্ন, জি-বক্স নির্ভর গুগল অ্যাপ ব্যবহারে উদ্বেগ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 14 June, 2026, 8:51 PM
সর্বশেষ আপডেট: Sunday, 14 June, 2026, 9:31 PM

হুয়াওয়ের স্মার্টফোনে নতুন প্রশ্ন, জি-বক্স নির্ভর গুগল অ্যাপ ব্যবহারে উদ্বেগ

হুয়াওয়ের স্মার্টফোনে নতুন প্রশ্ন, জি-বক্স নির্ভর গুগল অ্যাপ ব্যবহারে উদ্বেগ

দীর্ঘ আট বছর পর বাংলাদেশের স্মার্টফোন বাজারে ফিরেছে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে। ডিক্স গ্রুপের মাধ্যমে গত ৮ জুন স্মার্টফোন, ট্যাবলেটসহ ১৩টি ডিভাইস বাজারজাতের ঘোষণা দেয় কোম্পানিটি। এরই মধ্যে চারটি স্মার্টফোনের বিক্রি শুরু হয়েছে। তবে বাজারে ফেরার অল্প সময়ের মধ্যেই গুগল অ্যাপ ব্যবহারের বিকল্প ব্যবস্থা নিয়ে নতুন প্রশ্নের মুখে পড়েছে প্রতিষ্ঠানটি।

২০১৯ সালে মার্কিন নিষেধাজ্ঞার পর হুয়াওয়ের নতুন ডিভাইসগুলো গুগল মোবাইল সার্ভিসেস (GMS) লাইসেন্স হারায়। ফলে প্লে স্টোর, জিমেইল, ইউটিউব, গুগল ম্যাপসসহ বহুল ব্যবহৃত গুগল সেবাগুলো সরাসরি ব্যবহারের সুযোগ থাকে না। এই সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে কিছু ডিভাইসে জি-বক্স (GBox) নামের একটি তৃতীয় পক্ষের অ্যাপের মাধ্যমে গুগলভিত্তিক অ্যাপ ব্যবহারের সুবিধা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

এ নিয়েই প্রশ্ন তুলছেন প্রযুক্তি বিশ্লেষক ও ব্যবহারকারীরা। তাদের মতে, একজন ক্রেতা যখন একটি স্মার্টফোন কিনছেন, তখন তিনি স্বাভাবিকভাবেই আশা করেন যে বহুল ব্যবহৃত অ্যাপগুলো নিরবচ্ছিন্নভাবে চলবে। কিন্তু গুগল লাইসেন্সবিহীন ডিভাইসে বিকল্প প্ল্যাটফর্মের ওপর নির্ভরশীলতা ব্যবহারকারীর অভিজ্ঞতাকে জটিল করে তুলতে পারে।


ইতোমধ্যে ব্যবহারকারীদের মধ্যে অসন্তোষের কথাও সামনে এসেছে। ‘হুয়াওয়ে মোবাইল ইউজার কমিউনিটি ইন বাংলাদেশ’ ফেসবুক গ্রুপে এস এম সাব্বির হোসাইন নোমান নামে এক ব্যবহারকারী অভিযোগ করেছেন, তার হুয়াওয়ে ওয়াই৯০ স্মার্টফোনে জি-বক্সের মাধ্যমে বিকাশ অ্যাপ ব্যবহার করতে গিয়ে বারবার সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। অ্যাপটি কিছুক্ষণ পরপর স্বাভাবিকভাবে কাজ করা বন্ধ করে দেয় বলে তিনি উল্লেখ করেন এবং স্থায়ী সমাধান জানতে অন্য ব্যবহারকারীদের কাছে সহায়তা চান।

প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, ব্যাংকিং ও আর্থিক লেনদেনের অ্যাপগুলোতে স্থিতিশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে যদি ব্যবহারকারীদের বিকল্প প্ল্যাটফর্মের ওপর নির্ভর করতে হয়, তাহলে নিরাপত্তা, নির্ভরযোগ্যতা এবং দীর্ঘমেয়াদি সাপোর্ট নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক।

বিষয়গুলো নিয়ে হুয়াওয়ের আনুষ্ঠানিক অবস্থান জানতে যোগাযোগ করা হলেও হুয়াওয়ে বাংলাদেশের মার্কেটিং ম্যানেজার (ডিভাইস) ফারুক রহমান কোনো মন্তব্য করতে রাজি হননি। ফলে জি-বক্স ব্যবহারের প্রয়োজনীয়তা, এর সীমাবদ্ধতা, নিরাপত্তা ব্যবস্থা এবং ব্যবহারকারীদের অভিযোগ নিয়ে কোম্পানির অবস্থান অজানাই থেকে গেছে।

বিশ্লেষকদের মতে, বাংলাদেশে হুয়াওয়ের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন শুধু নতুন ডিভাইস বিক্রি নয়; বরং গ্রাহকদের আস্থা অর্জন এবং গুগল-পরবর্তী বাস্তবতায় তাদের প্রযুক্তিগত সক্ষমতা ও স্বচ্ছতা প্রমাণ করা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status