ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
ইরফান খানের কম আলোচিত পাঁচ অধ্যায়
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 1 May, 2020, 11:27 AM

ইরফান খানের কম আলোচিত পাঁচ অধ্যায়

ইরফান খানের কম আলোচিত পাঁচ অধ্যায়

দীর্ঘ তিন দশক ধরে বলিউডে রাজত্ব করেছেন অভিনেতা ইরফান খান। বলিউডের আঙিনা পেরিয়ে তিনি কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন হলিউডেও। তাঁর মৃত্যুর খবরে শোকে স্তব্ধ বিনোদন অঙ্গন। ইরফানের অসাধারণ অভিনয় মিস করবেন সবাই। ‘দ্য আনসাং সুপারস্টার’ মাত্র ৫৩ বছর বয়সে গতকাল বুধবার মারা যান। চলুন জেনে নেওয়া যাক, খ্যাতিমান এই অভিনেতার কিছু কম আলোচিত বিষয়।

ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড বাবল প্রতিবেদনে জানিয়েছে, ১৯৮৮ সালে ‘সালাম বোম্বে’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় ইরফানের। সিরিয়াস ঘরানার ছবি ‘মকবুল’, ‘হায়দার’ ছাড়াও ‘থ্যাংক ইউ,’ ‘ক্রেজি ফোর’-এর মতো কমেডি ছবিতে অভিনয় করেছেন তিনি। সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে তিনি নিয়ে গেছেন অনন্য উচ্চতায়।

ইরফান খান তাঁর আসল নাম নয়

ইরফান খানের আসল নাম সাহাবজাদে ইরফান আলি খান। বিভিন্ন অনুষ্ঠানে তিনি প্রায়ই বলতেন, নামের দৈর্ঘ্য তাঁর পছন্দ নয়। একপর্যায়ে তিনি শব্দ ছেঁটে ফেলতে শুরু করেন এবং ইরফান খান নামে পরিচিত হন। পত্রপত্রিকার খবর, নিজের নামের সঙ্গে একটি অতিরিক্ত ‘আর’ ব্যবহার করেছেন এবং এটা তাঁর ভালো লাগা থেকে। তিনি চেয়েছিলেন তাঁর নাম শুধু ইরফান হোক। ইরফানেই চেয়েছিলেন পরিচিতি। তবে যখন আন্তর্জাতিক অঙ্গনে ইরফান খান নামটিই আলোচিত হতে লাগল, তখন আর ওই পথে হাঁটেননি।

‘জুরাসিক পার্ক’-এর সঙ্গে ইরফানের সংযোগ

২০১৫ সালে মুক্তি পাওয়া ‘জুরাসিক ওয়ার্ল্ড’ ছবিতে অভিনয় করেন ইরফান খান। এতে তাঁর অভিনয় ব্যাপকভাবে প্রশংসিত হয় সর্বমহলে। একসময় ইরফান জানান, ১৯৯৩ সালে মুক্তি পাওয়া ‘জুরাসিক পার্ক’ ছবিটি তিনি অর্থাভাবে দেখতে পারেননি।

ক্রিস্টোফার নোলানের ছবিকে ‘না’

আধুনিক চলচ্চিত্রের অন্যতম সেরা নির্মাতা বিবেচনা করা হয় পরিচালক ক্রিস্টোফার নোলানকে। তাঁর স্পেস অ্যাডভেঞ্চার ছবি ‘ইন্টারস্টেলার’ ২০১৪ সালে মুক্তি পায়। এতে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন ইরফান। তবে তিনি তা করতে অস্বীকৃতি জানান। যেহেতু তিনি বলিউডি ছবি ‘দ্য লাঞ্চবক্স’ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন, তাই এ ছবিতে অভিনয় করেননি ইরফান। ‘ইন্টারস্টেলার’ বিশ্বজুড়ে মুক্তি পায় এবং ব্লকবাস্টার হয়। আয় করেছিল কাড়ি কাড়ি টাকা।

ক্রিকেটার হতে চেয়েছিলেন ইরফান  

ক্রিকেটার হওয়ার স্বপ্ন ছিল ইরফানের। সিনেমায় আসার আগে ক্রিকেটার হওয়ার জন্য প্রশিক্ষণ নিয়েছিলেন ইরফান খান। ২০১৭ সালে এক শোতে ইরফান জানিয়েছিলেন, যদিও তিনি ক্রিকেট ভালোই খেলতেন, তবে আর্থিক অনটনে তাঁর খেলোয়াড়ি জীবন এগোতে পারেনি। ক্রিকেটে ক্যারিয়ার গড়ার স্বপ্ন ছাড়তে আসলে বাধ্য হয়েছিলেন ইরফান খান। ইরফান অনূর্ধ্ব-২৩ সি কে নাইডু টুর্নামেন্টের জন্য নির্বাচিত হয়েছিলেন। তবে টুর্নামেন্টের জন্য আজমিরে যাওয়ার মতো সামর্থ্য ছিল না তাঁর। সে প্রসঙ্গে ইরফান বলেন, ‘যখন নির্বাচিত হয়েছিলাম, আমাদের টিমকে জয়পুর থেকে আজমিরে যেতে হয়েছিল। ভ্রমণ টিকেটের জন্য ২০০-২৫০ রুপির মতো দরকার ছিল। কিন্তু সে অর্থ জোগাড় করতে পারিনি। সেদিন আমি বুঝলাম, আমি এটা (ক্রিকেট) চালিয়ে যেতে পারব না।’

প্রথম চাকরি মুম্বাইয়ে

মুম্বাইয়ে প্রথমবারের মতো পৌঁছানোর পর এয়ার কন্ডিশনার (শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র) মেরামতের কাজ করেন ইরফান। বলা হয়ে থাকে, এই কাজে তিনি প্রথম গিয়েছিলেন কিংবদন্তি অভিনেতা রাজেশ খান্নার বাড়িতে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status