ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
করোনা থেকে শিশুদের দেহে বিপজ্জনক উপসর্গ, শঙ্কিত ব্রিটেনের চিকিৎসকরা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 28 April, 2020, 11:08 AM

করোনা থেকে শিশুদের দেহে বিপজ্জনক উপসর্গ, শঙ্কিত ব্রিটেনের চিকিৎসকরা

করোনা থেকে শিশুদের দেহে বিপজ্জনক উপসর্গ, শঙ্কিত ব্রিটেনের চিকিৎসকরা

বিশ্বব্যাপী এখন আতঙ্কের নাম করোনাভাইরাস। ইতোমধ্যে বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে থাবা বসিয়েছে এই ভাইরাস। এই ভাইরাসের বিষাক্ত ছোবলে এখন পর্যন্ত বিশ্বব্যাপী আক্রান্ত হয়েছে ৩০ লাখ ৬৫ হাজার মানুষ। মৃত্যু হয়েছে ২ লাখ সাড়ে ১১ হাজার মানুষের।

ক্ষণে ক্ষণে রূপ পাল্টাচ্ছে এই ভাইরাস। প্রথম অবস্থায় এটি শিশুদের তেমন ক্ষতি করতে না পারলেও ক্রমেই দেখা যাচ্ছে তা শিশুদেরও ক্ষতি করতে শুরু করেছে। ব্রিটেনের চিকিৎসকরা সম্প্রতি জানিয়েছেন, কিছু শিশুর দেহে  খুবই বিরল কিন্তু বিপজ্জনক কিছু উপসর্গ দেখা যাচ্ছে।
ব্রিটেনের ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস) তাদের চিকিৎসকদের সতর্ক করে দিয়েছে যে, লন্ডন এবং যুক্তরাজ্যের অন্য কিছু জায়গার হাসপাতালে ইনটেনসিভ কেয়ারে অত্যন্ত অসুস্থ কিছু শিশুর চিকিৎসা করা হচ্ছে - যাদের লক্ষণগুলো খুবই অস্বাভাবিক।

চিকিৎসকরা বলছেন, এসব উপসর্গের মধ্যে আছে ফ্লু-র মতো জ্বর এবং দেহের বিভিন্ন জায়গায় প্রদাহ বা জ্বালাপোড়ার অনুভূতি। এছাড়া থাকে তীব্র জ্বর, রক্তচাপ কমে যাওয়া, শ্বাসকষ্ট এবং শরীরে 'র‍্যাশ' বা ফুসকুড়ি দেখা দেয়া। এতে আক্রান্তদের মধ্যে কিছু শিশু করোনাভাইরাস পজিটিভ বলে দেখা গেছে, তবে সবাই নয়। তাদের কারো কারো পেটে ব্যথা, বমি, ডায়রিয়া, হৃৎপিণ্ডের প্রদাহ, এবং রক্ত পরীক্ষার অস্বাভাবিক ফল আসার মতো লক্ষণও দেখা যাচ্ছে।

কত শিশুর মধ্যে এই নতুন ধরণের লক্ষণ দেখা গেছে তা স্পষ্ট নয়, তবে এ সংখ্যা কম বলেই মনে করা হচ্ছে। এছাড়া জানা যাচ্ছে যে, এই রোগীরা অল্পবয়স্ক - তবে নানা বয়সের।

উত্তর লন্ডনের কিছু ডাক্তারের কাছে আসা এই সতর্কবাণীতে বলা হয়: এমন উদ্বেগ বাড়ছে যে যুক্তরাজ্যের শিশুদের মধ্যে করোনাভাইরাসের সাথে সম্পর্কিত এক প্রদাহজনিত রোগ ছড়াচ্ছে। এতে বলা হয়, এমনও হতে পারে যে এটা হয়তো এমন এক সংক্রমণ যা এখনো শনাক্ত হয়নি।

বিশেষজ্ঞরা বলছেন, শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা যদি কোনো একটা সংক্রমণের সাথে লড়াই করতে গিয়ে হার মেনে যাবার মতো অবস্থা হয়, তাহলে এ ধরনের লক্ষণ দেখা দিতে পারে।

এনএইচএসের সতর্কবাণীতে এ ক্ষেত্রে জরুরি চিকিৎসা নেবার কথা বলা হয়েছে। যদিও বিশেষজ্ঞরা বলছেন, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হওয়া শিশুর সংখ্যা খুবই কম।

কেমব্রিজের একজন শিশুরোগ বিশেষজ্ঞ ডা. নাজিমা পাঠান বলেছেন, স্পেন এবং ইতালিতে থাকা তার সহকর্মীরা শিশুদের মধ্যে একই ধরনের সংক্রমণের খবর তাকে জানিয়েছেন। সূত্র: বিবিসি বাংলা

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status