করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের গলা ব্যথা, ঠান্ডা, জ্বর, শ্বাসকষ্টসহ আরো কিছু উপসর্গ রয়েছে। উপসর্গগুলো তীব্র হলে স্নায়ুবিক সমস্যা যেমন- বিভ্রান্তি, স্ট্রোক, খিঁচুনি ইত্যাদি দেখা দিতে পারে। এতে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে মস্তিষ্কের মারাত্মক বৈকল্যতার ঝুঁকি রয়েছে বলে জানিয়েছেন নিউরোলজিস্টরা।
মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস একটি প্রতিবেদনে জানিয়েছে, করোনাভাইরাস আক্রান্ত বয়স্ক কিছু রোগীর ক্ষেত্রে মস্তিষ্কের মারাত্মক বৈকল্যতা দেখা গেছে। তাদের আচরণে পাগলামী প্রকাশ পাচ্ছে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, জ্বর, কাশি এবং শ্বাস প্রশ্বাসে অসুবিধা করোনভাইরাস সংক্রমণের সাধারণ উপসর্গ হলেও কিছু রোগীর ক্ষেত্রে মানসিক ভারসাম্য হারানো বা এনসেফেলোপ্যাথি, মস্তিষ্কের বৈকল্যতা দেখা দিতে পারে। এই নিউরোলজিকাল উপসর্গের কারণে রোগীর স্বাভাবিক ঘ্রাণ ও স্বাদ নেয়া ক্ষমতা হ্রাস পাবে এমনকি হার্টঅ্যাটাকও হতে পারে।
এই উপসর্গের কয়েকজন রোগীর সন্ধান পাওয়া গেছে চীন, ইতালি ও যুক্তরাষ্ট্রে। গত মার্চে ফ্লার বোকে রেটনে ৭৪ বছর বয়সী এক বৃদ্ধ এবং ডেট্রয়েটে ৫০ বছর বয়সী এক নারী বিমানকর্মীর মধ্যে এই উপসর্গ দেখা গেছে বলে এই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ওয়ার্ল্ডোমিটার এর তথ্যমতে, করোনাভাইরাস বিশ্বের ২০৩টি দেশে ছড়িয়ে পড়েছে। ভাইরাসটির সংক্রমণে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৪৭ হাজার ২৪৯ জন। সারা বিশ্বে ৯ লাখ ৩৬ হাজার ২০৪ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৯৪ হাজার ৫৭৮ জন।