ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৪ জুন ২০২৬ ১০ আষাঢ় ১৪৩৩
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 24 June, 2026, 1:15 PM

স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার

স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার

গাজীপুরের টঙ্গীতে একটি আবাসিক এলাকায় ভিভো ব্র্যান্ডের একটি স্মার্টফোন বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রবিবার (২১ জুন) ঘটে যাওয়া এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা না ঘটলেও অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে বলে দাবি করেছে ভুক্তভোগী পরিবার।

পরিবার সূত্রে জানা যায়, ঘটনার সময় বাড়ির এক গৃহবধূ অসুস্থ অবস্থায় ঘরের মেঝেতে শুয়ে ছিলেন। এ সময় তিনি তার ব্যবহৃত ভিভো ওয়াই-২০ (Vivo Y20) মডেলের মোবাইল ফোনটি অস্বাভাবিকভাবে গরম হয়ে উঠতে দেখেন। বিষয়টি তিনি সঙ্গে সঙ্গে পরিবারের অন্য সদস্যদের জানান।

পরিবারের এক সদস্য জানান, ফোনটি হাতে নেওয়ার কিছুক্ষণের মধ্যেই সেটি থেকে ঘন ধোঁয়া বের হতে শুরু করে। পরিস্থিতির গুরুত্ব বুঝে দ্রুত ফোনটি বাসার বারান্দায় নিয়ে ফেলে দেওয়া হয়। এরপর অল্প সময়ের মধ্যেই সেটি বিস্ফোরিত হয়। বিস্ফোরণের সময় ফোনটি থেকে প্রচুর ধোঁয়া ও তাপ নির্গত হতে দেখা যায়।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, ফোনটি যদি ঘরের ভেতরে কিংবা বিছানার ওপর থাকত, তাহলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারত। বিশেষ করে পরিবারের ছোট শিশুরা নিয়মিত ওই ফোনে গেমস খেলা ও ভিডিও দেখত। ফলে ঘটনার পর থেকে তারা নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন।

ঘটনার পর থেকেই পরিবারটি আতঙ্ক ও নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে। তারা বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে এনে প্রয়োজনীয় তদন্তের দাবি জানিয়েছেন।

এদিকে সম্প্রতি মোবাইল ফোন বিস্ফোরণে মৃত্যুর আরেকটি ঘটনা দেশজুড়ে আলোচনার জন্ম দিয়েছে। গত ১৪ জুন সাভারের আশুলিয়ায় মোবাইল ফোন বিস্ফোরণে দগ্ধ হয়ে মারা যান মিজানুর রহমান (৪৪)। তিনি ফেনীর ছাগলনাইয়া উপজেলার লাঙলমোড়া গ্রামের বাসিন্দা এবং আশুলিয়ার রশিদ মার্কেট এলাকায় বসবাস করতেন।

প্রতিবেশীদের ভাষ্য অনুযায়ী, মিজানুর রহমান রাতে দুটি মোবাইল ফোন চার্জে দিয়ে ঘুমিয়ে ছিলেন। রাতের কোনো এক সময় বিস্ফোরণের ঘটনায় তার কক্ষে আগুন ধরে যায়। পরে তাকে গুরুতর দগ্ধ অবস্থায় উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, মিজানুর রহমানের শরীরের প্রায় ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম গণমাধ্যকে বলেন, মিজানুর রহমান দুটি মোবাইল ফোন চার্জে দিয়ে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ মোবাইল ফোন বিস্ফোরিত হলে তিনি গুরুতর দগ্ধ হন। পরে চিকিৎসাধীন অবস্থায় রোববার সন্ধ্যায় তার মৃত্যু হয়।

এ বিষয়ে ভিভো মোবাইল বাংলাদেশের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। বক্তব্য পাওয়া গেলে তা সংবাদের সঙ্গে যুক্ত করা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status