শিক্ষিকার বিচ্ছিন্ন হাত জোড়া লাগানোর চেষ্টা চলছে ঢামেকে
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 10 March, 2020, 7:00 PM
শিক্ষিকার বিচ্ছিন্ন হাত জোড়া লাগানোর চেষ্টা চলছে ঢামেকে
গোপালগঞ্জ সদর উপজেলায় দুর্ঘটনায় বাম হাত বিচ্ছিন্ন হওয়া ঢাকার উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক সৈয়দা ফাহিমা বেগমকে (৫০) ঢাকায় আনা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করার পরই তার অস্ত্রোপচার শুরু হয়।
এর আগে আজ দুপুর ১টার দিকে সদর উপজেলার পাথালিয়া নামক স্থানে সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয় শিক্ষা সফরের বাসটি। এতে ওই শিক্ষিকার হাত বিচ্ছিন্ন হয়ে যায়। এ দুর্ঘটনায় আহত হয় অন্তত ১৫ শিক্ষার্থী।
ঢামেক হাসপাতালের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল আমাদের সময়কে জানান, সৈয়দা ফাহিমা বেগমের বিচ্ছিন্ন হওয়া হাতটি সংযোজন করার চেষ্টা চলছে। শেখ হাসিনা জাতীয় বার্ণ অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটের প্রধান অধ্যাপক আবুল কালামের নেতৃত্বে অর্থোপেডিক, প্লাস্টিক সার্জারি বিভাগের সার্জনসহ কয়েকটি বিভাগের চিকিৎসকের সমন্বয়ে এই অস্ত্রোপচার শুরু হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে টুঙ্গিপাড়ায় শিক্ষা সফর ও বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদনের আয়োজন করা হয়। আজ সকালে ছয়টি মিনিবাস ও মাইক্রোতে ১২৫ জন শিক্ষার্থী, শিক্ষক, স্কুলের কর্মকর্তা-কর্মচারী রাজধানীর কাকরাইল থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশে যাত্রা শুর করেন।
একটি বাসে শিক্ষিকা সৈয়দা ফাহিমা বেগমসহ ৩১ জন শিক্ষার্থী ছিলেন। তাদের বাসটি পাথালিয়া পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী গাড়িকে সাইড দিতে গিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ওই শিক্ষিকার একটি হাত বিচ্ছিন্ন হয়ে যায়। এ ঘটনায় শিক্ষার্থী আবদুর রহমান, আবু নাফিম চৌধুরী, শয়নসহ ১৫ জন আহত হয়।
এ বিষয়ে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছনের দিক থেকে ধাক্কা দেয় শিক্ষা সফরের বাসটি। এতে ওই শিক্ষিকাসহ ১৫ শিক্ষার্থী আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. অসিত কুমার মল্লিক জানান, সৈয়দা ফাহিমা বেগমকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হেলিকপ্টারে ঢাকায় পাঠানো হয়। এ ছাড়া আহত ৯ শিক্ষার্থী হাসাপাতালে ভর্তি রয়েছে।