চেঞ্জিং রুমের খারাপ অভিজ্ঞতার কথা জানালেন মেহজাবিন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 29 February, 2020, 4:26 PM
চেঞ্জিং রুমের খারাপ অভিজ্ঞতার কথা জানালেন মেহজাবিন
কখনো শপিং করতে গেলে বা শুটিংয়ের জন্য হলেও কোনো চেঞ্জিং রুমে ড্রেস চেঞ্জ করতে ইচ্ছুক নন সময়ের সেরা অভিনেত্রীদের অন্যতম মেহজাবিন চৌধুরী। প্রয়োজনে নিজের গাড়িতে ড্রেস চেঞ্জ করেন তিনি। সেই ভাবনাই এবার নাটকে তুলে এনেছেন মেহজাবিন।
প্রথমবারের মত নাটকের গল্প লিখেছেন মেহজাবিন। গল্প লিখার পাশাপাশি চিত্রনাট্যও করেছেন তিনি। নাটকটির নাম ‘থার্ড আই’। এটি পরিচালনা করেছেন শ্রাবণী ফেরদৌস।
নাটকের গল্প প্রসঙ্গে মেহজাবিন বলেন, ‘আর এই গল্প ভাবনাটা আমার মাথায় এসেছে আরও কয়েক বছর আগেই। একজন নারী হিসেবে আমি সবসময়ই সচেতন থাকি। বিভিন্ন সময় আমরা যখন শপিং করতে যাই, তখন নানা রকম বাজে অভিজ্ঞতা হয়।’
নাট্য নির্মাতা শ্রাবণী ফেরদৌস বলেন, নারীরা যেন কোথাও নিরাপদ না। হোক সেটা রাস্তায় কিংবা শপিংমলে। শপিং মলে নারীদের পোশাক চেইঞ্জ করাটাও এখন খুব ঝুঁকিপূর্ণ। এমনই বিষয় নিয়ে নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘থার্ড আই’।’
নাটকের গল্প লেখার পাশাপাশি এতে মূল চরিত্রে অভিনয় করেছেন মেহজাবিন নিজেই। নাটকটিতে তাকে দেখা যাবে একজন নারী বিক্রয়কর্মীর চরিত্রে। গেলো ২৬ ও ২৭ ফেব্রুয়ারি রাজধানীর উত্তরা ও বনানীতে নাটকটির শুটিং শেষ হয়েছে।
নারী দিবস উপলক্ষে নির্মিত এই নাটকটিতে মেহজাবিন ছাড়াও আরও অভিনয় করেছেন মনির খান শিমুল, আবির মির্জা প্রমুখ। ৮ মার্চ নাটকটি বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভিতে প্রচারিত হবে।