চিরবৈরী ইরানের বিরুদ্ধে উত্তেজনা কমাতে সৌদি আরবের আগ্রহ আছে বলে বিশ্বাস করেন না ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ।
শনিবার মিউনিক নিরাপত্তা সম্মেলনে তিনি বলেন, তেহরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ চাপ প্রয়োগের প্রচারে রিয়াদ কঠিনভাবে প্রভাবিত।-খবর রয়টার্সের
জারিফ বলেন, আমি মনে করি, আমাদের প্রতিবেশীরা, বিশেষ করে সৌদি আরব উত্তেজনা লাঘব করতে চায় না।
‘ইরান ও যুক্তরাষ্ট্রকে আলোচনার টেবিলে বসাতে ফ্রান্স ও জাপানের চেষ্টা সত্ত্বেও তাতে কেউ কান দেয়নি। কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করেন যে ইরানের অর্থনীতি পতনের দ্বারপ্রান্তে।’
ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, কিন্তু তিনি ভুল জানছেন। তারা যা চাচ্ছে, তা হচ্ছে ইরানের সরকার ব্যবস্থায় পরিবর্তন আনা।
এদিকে ইয়েমেনে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট বাহিনীর বিমান হামলায় বেসামরিকসহ ৩০ জন নিহত হয়েছে।
শনিবার আল জওফ প্রদেশে হামলাটি হয়েছে বলে হুতি বিদ্রোহীদের অভিযোগ। আগের দিন শুক্রবার আল জওফে সৌদি জোটের একটি বিমান ভূপাতিত করার দাবি করেছিল হুতিরা।
তারপরেই জোট বাহিনী প্রতিশোধমূলক হামলা চালায় বলে হুতিরা জানায়।
হুতিদের নিয়ন্ত্রিত আল জওফ প্রদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে হুতিদের পরিচালিত আল মাসিরাহ টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে।