প্রেমে পড়বো প্রেমে পড়ছি অবস্থা তখন , একটা পাঁয়তারা পর্ব চলছে। সেই সময় চিত্রালীতে বেরোলো মাহফুজ সিদ্দিকীর 'প্রেম তুই সর্বনাশী' গল্পগ্রন্থের রিভিউ ।
মফস্বল শহরে বসে একটা সদ্য প্রকাশিত বই জোগাড় করা কতটা ঝক্কির তা বলাই বাহুল্য । শেষ পর্যন্ত ঢাকা থেকে রংপুরে আনানো হলো কিতাব । চার বন্ধু সুব্রত চৌধুরী , কালিরন্জন বর্মন , রহমান মুখলেস আর আমার মধ্যে হুডাহুডি ।—— সে কবেকার কথা !
কর্মজীবনে শুরু হলো ঢাকা বাস । পেশার কারণে স্বাভাবিকভাবেই মাহফুজ সিদ্দিকীর কাছাকাছি চলে এলাম ।মাঝেমধ্যেই দেখা হতো প্রেসক্লাবে । দেখা হলেই হলো , আমার প্রথম সম্ভাষণ , প্রেম তুই সর্বনাশী —-
কেমন আছেন ভাই ? হাসিতে ঝলমল করে ঊঠতেন সিদ্দিকী ভাই , আমি জানি আপনি এটাই বলবেন । আপনি ছাড়া আমাকে আমার বইয়ের নামে আর কেউ সম্মোধন করে না ।
ওই বইয়ে আরেকটা গল্প ছিল 'রেলগাড়ি ডলা মারা ব্যাঙ চ্যাপ্টা'। পরের বাক্যে ওই গল্পের কথা আনতাম । তিনি তার আবেগ ধরে রাখতে পারতেন না । সহজ সরল মিস্টি মাখানো তার হাত আমার হাতে তুলে দিয়ে , তিনি তার হৃদয়টা আমাকে দেখাতেন ।
প্রেসক্লাবের ভিতরের বারান্দার যে সোফাটায় তিনি নিয়মিত বসতেন , তার শূন্যতা বহুদিন আমার আত্মায় হাহাকার করে ফিরবে !