সন্দেহভাজন দুর্নীতিবাজ বাবুর সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 30 October, 2019, 1:26 PM
সন্দেহভাজন দুর্নীতিবাজ বাবুর সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী
সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু। বর্তমানে যে শুদ্ধি অভিযান চলছে, তাতে সন্দেহভাজন দুর্নীতিবাজ হিসেবে উঠে আসছে তার নামও। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বাবুর ব্যাংক হিসাব তলব করার পর এক সপ্তাহও পেরোয়নি। তার বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি অনিয়মের তথ্যও উঠে আসছে প্রায় প্রতিদিন। অথচ এই বাবুর সঙ্গে একই মঞ্চে বসতে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
আগামী শুক্রবার (১ নভেম্বর) এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে প্রধান অতিথি করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে। এরপরই বিশেষ অতিথি হিসেবে রয়েছেন নজরুল ইসলাম বাবু। বিভিন্ন পত্রিকা ও অন্যান্য মাধ্যমে এ অনুষ্ঠানের বিজ্ঞাপনও প্রকাশ করা হয়েছে। সেখানে ফলাও করে বড় বড় অক্ষরে স্বারাষ্ট্রমন্ত্রীর সঙ্গে লেখা হয়েছে বাবুর নাম। তবে একটু কৌশলও খাটানো হয়েছে। পত্রিকার বিজ্ঞাপনে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠানের উদ্বোধক ও সভাপতির ছবি দেওয়া হলেও বিশেষ অতিথি বাবুর ছবি বাদ রাখা হয়েছে।
শুক্রবারের সাংষ্কৃতিক অনুষ্ঠানটিতে উপস্থিত থাকবে সর্বস্তরের মানুষ। কয়েকটি টিভি চ্যানেলে সেটা সরাসরি দেখানোও হতে পারে। কনা, ইমরান, সালমা, অপু বিশ্বাস, জায়েদ খান, মিশা সওদাগরসহ নামকরা সব তারকারা সেখানে পারফর্ম করবেন। . অথচ সেখানেই স্বরাষ্ট্রমন্ত্রীর পাশের আসনে বিশেষ অতিথি হিসেবে বসতে যাচ্ছেন বিতর্কিত একজন ব্যক্তি, সেটাও আবার এমন প্রেক্ষাপটে যখন কিনা তাকে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে। জনসমক্ষে স্বরাষ্ট্রমন্ত্রীর পাশের আসনে যখন বাবু বসবেন, তারপর আইনপ্রয়োগকারী সংস্থার লোকেরা কি ভয়ভীতির উর্ধ্বে থেকে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারবে? এমন প্রশ্ন করছেন অনেকেই।
সাম্প্রতিক সময়ে দেশে চলমান শুদ্ধি অভিযান ব্যাপক আলোড়ন তৈরি করেছে। এটাকে সব শ্রেনীর মানুষই ইতিবাচকভাবে দেখছে। ঠিক তখন একজন সন্দেহভাজন দুর্নীতিবাজের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর একই অনুষ্ঠানে থাকার বিষয়টি কতটা সমীচিন সে প্রশ্ন উঠছেই।