ভারতের ওড়িশার ভুবনেশ্বরের এক চালক ২৬ হাজারে পুরাতন অটো ক্রয় করেন। কিন্তু নতুন ট্রাফিক আইনে তাকে জরিমানা গুনতে হয়েছে ৪৭,৫০০ টাকা।
ভারতের সংবাদমাধ্যমে বলা হয়েছে, অটো কেনার সময় ওই বাসিন্দা জরুরি কাগজপত্র নিয়ে বেশি চিন্তা করেননি। কাগজপত্র ছাড়াই অটো নিয়ে বেরিয়ে পড়েছিলেন ওই চালক। কিন্তু রাস্তায় তাকে আটক করেন কর্তব্যরত ট্রাফিক পুলিশ। ট্রাফিক আইনের নতুন আইনে জরিমানা ধার্য করা হয় ৪৭,৫০০ টাকা।
বুধবার ভুবনেশ্বরের আচার্য বিহারে রাস্তায় ট্রাফিক পুলিশ চালকের কাছে অটোর কাগজপত্র দেখতে চান। দেখা যায়, তার কাছে ড্রাইভিং লাইসেন্স, বিমা, দূষণের সার্টিফিকেট এমনকি পরিবহণ দফতরের অনুমোদনের প্রশংসাপত্র কোনওটাই নেই! শুধু তাই নয়, অটো চালানোর সময়ে ওই চালক মাতাল অবস্থায় ছিলেন। ফলে নতুন আইন অনুযায়ী, একাধিক ধারায় বিশাল অংকের টাকা জরিমানা করা হয় অটোর মালিককে।
জারিমানার তালিকা সম্পর্কে জানা যায়, বিনা নথিতে চালক দিয়ে অটো চালানোর জন্য ৫,০০০টাকা, চালকের সঙ্গে ড্রাইভিং লাইসেন্সের নথি না থাকায় ৫,০০০ টাকা, রেজিস্ট্রেশন সার্টিফিকেট না থাকায় ৫,০০০ টাকা, বিমা না করানোয় ২,০০০ টাকা, অনুমোদনের শর্ত ভাঙায় ১০,০০০টাকা, মাতাল অবস্থায় অটো চালানোর জন্য ১০,০০০ টাকা ও পরিবেশ দূষণ সার্টিফিকেট না থাকায় আরও ১০,০০০ টাকা জরিমানা করা হয়। এর সঙ্গে অপরাধমূলক কাজের জন্য ৫০০ টাকা জরিমানা করা হয়।
তবে সাংবাদিকদের কাছে অটোর আগের মালিকের দাবি করেন,‘আমার অটোর দামের দ্বিগুণ জরিমানা করা হয়েছে। আমার বাড়িতে সব কাগজপত্র আছে। কিন্তু নতুন মালিককে অটো কেনার দিন সব কাগজপত্র দেয়া হয়নি।’
প্রসঙ্গত, বুধবার সকালেই দিল্লির এক ব্যক্তিকে তার স্কুটারের দামের চেয়েও বেশি টাকা জরিমানা করা হয়। ১৫,০০০ টাকার পুরাতন স্কুটারের নথিপত্র না থাকায় জরিমানা করা হয় প্রায় ২৩,০০০ টাকা।