পলাশীর মোড়ে যান চলাচল নিয়ন্ত্রণ করছে ঢাবি শিক্ষার্থীরা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 10 July, 2019, 4:29 PM
পলাশীর মোড়ে যান চলাচল নিয়ন্ত্রণ করছে ঢাবি শিক্ষার্থীরা
রাজধানীর পলাশীর মোড় অবরোধ করে ক্যাম্পাসে গণপরিবহন প্রবেশ নিয়ন্ত্রণ করছেন ঢাবি শিক্ষার্থীরা।
বুধবার সকাল ৬টার পর সলিমুল্লাহ মুসলিম (এসএম) হলের শিক্ষার্থীরা পলাশী মোড়ে ব্যারিকেড বসান। রাস্তাটি বন্ধ থাকায় নীলক্ষেত ও বকশীবাজার মোড়ের রাস্তায় যানবাহনের চাপ বাড়ে ও তীব্র যানজটের সৃষ্টি হয়।
ঢাবি শিক্ষার্থীরা জানিয়েছেন, হল সংসদ নেতাদের নির্দেশে তারা পলাশী মোড়ে ব্যারিকেড বসিয়েছেন। হলের সামনের রাস্তায় কোনো যানবাহন চলতে দেয়া হবে না বলে জানিয়েছেন তারা।
পূর্ব ঘোষণা ছাড়া ঢাবি শিক্ষার্থীদের এমন অবরোধে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। ব্যারিকেড থাকায় পলাশী মোড় থেকে সব গাড়িকে বিকল্প পথ ঘুরে যেতে হচ্ছে।
শিক্ষার্থীদের দাবি ক্যাম্পাসে কোনো উঁচু পরিবহন ঢুকতে দেয়া হবে না। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বারবার জানিয়ে কোনো সাড়া না পাওয়ায় রাস্তাটি বন্ধ করে দিয়েছেন তারা।
রাস্তা বন্ধ থাকলেও পলাশী মোড়ের কর্তব্যরত ট্রাফিক পুলিশদের এ বিষয়ে কোনো তৎপরতা দেখা যায়নি। অন্যান্য দিনের মতো স্বাভাবিকভাবে তাদের ডিউটি করতে দেখা যায়।