|
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের সমঝোতা
নতুন সময় প্রতিবেদক
|
![]() আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের সমঝোতা সফরে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মান্যবর মার্সেলো কার্লোস সেসা, AFA International এর কমার্শিয়াল অ্যান্ড স্ট্র্যাটেজিক অ্যালায়েন্সেস ডিরেক্টর মারিও মার্টিন তুলা ও প্রতিনিধিদলের অন্যান্য সদস্য। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পক্ষে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. আর. কবিরসহ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা। সফরের শুরুতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে আর্জেন্টিনার রাষ্ট্রদূত ও AFA International এর প্রতিনিধিদলকে স্বাগত জানান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরে বিশ্ববিদ্যালয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঙ্গে প্রতিনিধিদলের একটি সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই প্রতিষ্ঠানের পারস্পরিক সম্পর্ক, সহযোগিতার সম্ভাবনা এবং ভবিষ্যতে যৌথভাবে কাজ করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় ডিআইইউ ও এএফএর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। সফরের অংশ হিসেবে ডিআইইউর শিক্ষার্থীদের সঙ্গে AFA International এর প্রতিনিধিদলের একটি বিশেষ মতবিনিময় পর্ব অনুষ্ঠিত হয়। এতে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল, দেশটির ফুটবলের ঐতিহ্য এবং বাংলাদেশের মানুষের সঙ্গে আর্জেন্টিনা ফুটবলের আবেগের সম্পর্ক নিয়ে আলোচনা হয়। শিক্ষার্থীরা প্রতিনিধিদলের সদস্যদের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পান এবং আর্জেন্টিনা ফুটবল সম্পর্কে নিজেদের আগ্রহ ও অনুভূতি তুলে ধরেন। মতবিনিময় পর্বে AFA International এর বাণিজ্যিক পরিচালক মারিও মার্টিন তুলা বলেন, আর্জেন্টিনা থেকে ঢাকার দূরত্ব ১৬ হাজার কিলোমিটারেরও বেশি হলেও বাংলাদেশের মানুষের, বিশেষ করে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক-শিক্ষার্থীদের আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের প্রতি যে অকৃত্রিম ভালোবাসা, আবেগ ও নিঃশর্ত সমর্থন রয়েছে, তা আমাদের গভীরভাবে স্পর্শ করেছে। আর্জেন্টিনা ফুটবলের পক্ষ থেকে বাংলাদেশের মানুষের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা। বাংলাদেশের মানুষের আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের প্রতি ভালোবাসা ও সমর্থনের স্বীকৃতিস্বরূপ AFA International এর পক্ষ থেকে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের একটি জার্সি উপহার দেওয়া হয়। এ ছাড়া সফরের অংশ হিসেবে AFA এর প্রতিনিধিদল বিশ্ববিদ্যালয়ের ফুটবল দলের সদস্যদের নিয়ে একটি বিশেষ ‘ফুটবল ক্লিনিক’ (Football Clinic) সেশন পরিচালনা করেন। এতে খেলোয়াড়দের ফুটবলবিষয়ক প্রশিক্ষণ, কৌশল ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হয়। পাশাপাশি প্রতিনিধিদল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও সুযোগ-সুবিধা পরিদর্শন করেন। আর্জেন্টিনার রাষ্ট্রদূত ও AFA International এর আন্তর্জাতিক প্রতিনিধিদলের এ সফর বাংলাদেশ ও আর্জেন্টিনার মধ্যে ক্রীড়া ও প্রাতিষ্ঠানিক সম্পর্ক আরও সুদৃঢ় করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। পাশাপাশি ডিআইইউ ও এএফএর মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা, অভিজ্ঞতা বিনিময় এবং আন্তর্জাতিক যোগাযোগ সম্প্রসারণে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
