ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
৪৮ বছরে ইসলামী বিশ্ববিদ্যালয়, শিক্ষার্থীদের ভাবনায় আক্ষেপের চিত্র
খাদিজা তুল কোবরা, ইবি প্রতিনিধি
প্রকাশ: Monday, 23 November, 2026, 11:09 AM

৪৮ বছরে ইসলামী বিশ্ববিদ্যালয়, শিক্ষার্থীদের ভাবনায় আক্ষেপের চিত্র

৪৮ বছরে ইসলামী বিশ্ববিদ্যালয়, শিক্ষার্থীদের ভাবনায় আক্ষেপের চিত্র

ইসলামী শিক্ষার সাথে আধুনিক শিক্ষার সমন্বয়ে উচ্চশিক্ষা, মুক্তবুদ্ধির চর্চা ও নেতৃত্ব তৈরির সূতিকাগার হিসেবে ১৯৭৯ সালের ২২ নভেম্বর যাত্রা শুরু করেছিল ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলার মধ্যবর্তী শান্তিডাঙ্গা-দুলালপুরে গড়ে ওঠা সর্বোচ্চ বিদ্যাপীঠটি ৪৮ বছরে পদার্পণ করছে।

দীর্ঘ এই পথচলায় ৯টি অনুষদ ও ৩৬টি বিভাগে দেশি-বিদেশি প্রায় ১৮ হাজার শিক্ষার্থী অধ্যয়ন করছেন। শিক্ষা, গবেষণা, সংস্কৃতি ও ক্রীড়াঙ্গনে এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও স্বাক্ষর রাখছেন। তবে প্রতিষ্ঠার প্রায় অর্ধশতাব্দী ছুঁইছুঁই সময়ে এসেও ক্যাম্পাসটির শিক্ষার্থীদের প্রাপ্তির খাতার চেয়ে আক্ষেপ ও ভোগান্তির পাল্লাই যেন ভারী।
বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে ক্যাম্পাসের বর্তমান সংকট, সম্ভাবনা ও আগামীর প্রত্যাশা নিয়ে কথা বলেছেন বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। তাঁদের ভাবনায় উঠে এসেছে আবাসন, পরিবহন, চিকিৎসা ও সেশনজট নিরসনের জোরালো দাবি।

কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের শিক্ষার্থী আফিয়া মুবাসশিরা ক্যাম্পাসের পরিবহন ও চিকিৎসাসেবার নাজুক অবস্থার চিত্র তুলে ধরেন। তিনি বলেন, ‘শিক্ষার্থীদের দুটি চরম ভোগান্তির কারণ হলো পরিবহন সংকট ও চিকিৎসাসেবার বেহাল দশা। কুষ্টিয়া শহর থেকে যাতায়াতকারী শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত বাস নেই, ফলে প্রতিদিন চরম ভোগান্তিতে পড়তে হয়।’

চিকিৎসাকেন্দ্রের সমালোচনা করে তিনি বলেন, ‘মেডিকেল সেন্টারে আধুনিক চিকিৎসার ছিটেফোঁটাও নেই। সামান্য জ্বর বা মাথাব্যথার ওষুধ ছাড়া জটিল কোনো রোগের প্রাথমিক চিকিৎসাও এখানে মেলে না। কয়েক সপ্তাহ আগে কাশির জন্য ডাক্তার দেখালে আমাকে বাইরে থেকে ওষুধ কিনতে বলা হয়। আমার আগে যাওয়া বেশ কয়েকজন শিক্ষার্থীর ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে।’

একই বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম জাহিদ বিভিন্ন সেক্টরে সংস্কারের আশা ব্যক্ত করেন। তিনি বলেন, সময়ের চাহিদার সঙ্গে শিক্ষার পরিবেশ ও পদ্ধতির আধুনিকায়নের দরকার। পাঠ্যবইয়ের জ্ঞানের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা, সৃজনশীলতা ও মুক্তচিন্তার বিকাশে গুরুত্ব দিতে হবে। বিশেষ করে সাংবাদিকতা ও ব্যবহারিক শিক্ষানির্ভর বিভাগগুলোতে হাতে-কলমে কাজের সুযোগ, আধুনিক প্রযুক্তি ও প্রয়োজনীয় উপকরণ নিশ্চিত করা প্রয়োজন। পাশাপাশি বিভাগগুলোর শিক্ষার্থীসংখ্যা, কার্যক্রম ও বাস্তব চাহিদা বিবেচনায় ন্যায্য বাজেট বরাদ্দ নিশ্চিত করা উচিত, যাতে কোনো বিভাগ প্রয়োজনীয় অর্থের অভাবে শিক্ষা ও ব্যবহারিক কার্যক্রম পরিচালনায় পিছিয়ে না থাকে।

আল ফিকহ অ্যান্ড ল বিভাগের শিক্ষার্থী আল আবির রায়হান মনে করেন, প্রতিষ্ঠার মূল লক্ষ্য থেকে বিশ্ববিদ্যালয়টি অনেকটাই দূরে সরে গেছে। তিনি বলেন, ‘ইসলামী শিক্ষা ও আধুনিক জ্ঞানের সমন্বয়ে নৈতিকতাসম্পন্ন মানুষ গড়ার ব্রত নিয়ে ইবির যাত্রা শুরু হয়েছিল। কিন্তু প্রশাসনের সদিচ্ছার অভাব ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার ঘাটতিতে আমরা সেই লক্ষ্য থেকে বহুদূরে।’

আন্তর্জাতিক মানের সঙ্গে তুলনা করে তিনি বলেন, ‘মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় বা মালয়েশিয়ার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় যখন গবেষণা ও আধুনিক শিক্ষায় বিশ্বমানের নেতৃত্ব দিচ্ছে, ইবি তখন উল্টো পথে হাঁটছে। শিক্ষক নিয়োগে অনিয়ম, শিক্ষকদের অভ্যন্তরীণ কোন্দল ও দলাদলির কারণে শিক্ষার মান তলানিতে ঠেকেছে। আধুনিক ল্যাব, সমৃদ্ধ লাইব্রেরি ও গবেষণা বরাদ্দের অভাবে আমরা বিশ্ব র‍্যাঙ্কিংয়ে জায়গা করে নিতে পারছি না।’

কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী তহুরা জান্নাত সুবর্ণা তুলে ধরেন আবাসন সংকট ও নারী শিক্ষার্থীদের নিরাপত্তাহীনতার কথা। তিনি বলেন, ‘অধিকাংশ শিক্ষার্থীকে ক্যাম্পাসের বাইরের বা শহরের মেসে থাকতে হয়। ক্যাম্পাস সংলগ্ন মেসগুলো অত্যন্ত নিম্নমানের হওয়া সত্ত্বেও ভাড়া অতিরিক্ত। তার ওপর স্থানীয়দের দুর্ব্যবহার ও সন্ধ্যা নামার আগেই মেসে ফেরার পথে ইভটিজিং বা যৌন হয়রানির মতো ঘটনার শিকার হতে হয়। আবার হলের ভেতরেও আসন সংকটের কারণে শিক্ষার্থীদের গণরুমে গাদাগাদি করে থাকতে হচ্ছে।’ বিশ্ববিদ্যালয় দিবসে দ্রুত আবাসন সংকট নিরসন ও মেসগুলোকে শিক্ষার্থীসুলভ করার দাবি জানান তিনি।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আফিফা সরকার শ্রেণিকক্ষ সংকট ও ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, ‘বিভিন্ন বিভাগে তীব্র ক্লাসরুম ও শিক্ষক সংকট রয়েছে। ক্লাসরুম খালি হওয়ার অপেক্ষায় শিক্ষার্থীদের করিডোরে দাঁড়িয়ে থাকতে হয়। মেয়েদের জন্য আলাদা কমনরুম না থাকায় অসুস্থ হলে বা ক্লাসের ফাঁকে বিশ্রাম নেওয়ার কোনো জায়গা নেই।’

ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থার সমালোচনা করে তিনি বলেন, ‘নিরাপত্তার বিষয়ে প্রশাসনের গাফিলতি চোখে পড়ার মতো। এর ফলস্বরূপ আমরা সমাজকল্যাণ বিভাগের একজন শিক্ষিকাকে হারিয়েছি, যে হত্যাকাণ্ডের বিচার আজও হয়নি। যেখানে শিক্ষকরাই নিরাপদ নন, সেখানে সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা কোথায়?’

মার্কেটিং বিভাগের শিক্ষার্থী মো. আব্দুর রহমান রাফি সেশনজট ও হলের খাবারের মান নিয়ে হতাশা ব্যক্ত করেন। তিনি বলেন, ‘আবাসন সংকটের পাশাপাশি হলে থাকা শিক্ষার্থীদের অস্বাস্থ্যকর ও নিম্নমানের খাবার খেয়ে দিন পার করতে হচ্ছে। এ ছাড়া তীব্র সেশনজট অধিকাংশ বিভাগে একটি সাধারণ বিষয়ে পরিণত হয়েছে। একাডেমিক ক্যালেন্ডারের সঠিক বাস্তবায়ন না হওয়ায় শিক্ষার্থীদের জীবন থেকে মূল্যবান ২-৩টি বছর অকালেই ঝরে যাচ্ছে।’

প্রতিষ্ঠার ৪৮ বছরে পদার্পণের এই ক্ষণে শিক্ষার্থীদের চাওয়া-বিশ্ববিদ্যালয় দিবস যেন কেবল আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না থাকে। আবাসন সংকট নিরসনে নতুন হল নির্মাণ, শতভাগ পরিবহন সুবিধা, আধুনিক গবেষণাগার, সেশনজটমুক্ত ক্যাম্পাস এবং শিক্ষক-শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমেই ইসলামী বিশ্ববিদ্যালয় তার হারানো গৌরব ও প্রতিষ্ঠার মূল লক্ষ্য ফিরে পাবে-এমনটাই প্রত্যাশা শিক্ষার্থীদের।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status