|
প্রথম ছানিমুক্ত জেলার পথে সিরাজগঞ্জ, বিনামূল্যে ৫০ হাজার চোখের অপারেশন
মো. তরিকুল ইসলাম শুভ, ইসলামিয়া সরকারি কলেজ প্রতিনিধি
|
![]() প্রথম ছানিমুক্ত জেলার পথে সিরাজগঞ্জ, বিনামূল্যে ৫০ হাজার চোখের অপারেশন শনিবার (২১ নভেম্বর ২০২৬) সিরাজগঞ্জ সরকারি ইসলামিয়া কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত। প্রধানমন্ত্রী তারেক রহমানের যুগান্তকারী উদ্যোগ ‘ছানিমুক্ত বাংলাদেশ’ বাস্তবায়নের অংশ হিসেবে সিরাজগঞ্জ জেলাকে ছানিমুক্ত করার এই বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচিটি বাস্তবায়নে সহযোগিতা করছে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা এবং অধ্যাপক এম. এ. মাতিন মেমোরিয়াল বিএনএসবি বেস চক্ষু হাসপাতাল। এসব প্রতিষ্ঠানের চিকিৎসক, অধ্যাপক ও সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীদের সহযোগিতায় জেলার ছানি রোগীদের শনাক্তকরণ, প্রয়োজনীয় চিকিৎসা এবং অস্ত্রোপচারের কার্যক্রম পরিচালনার পরিকল্পনা নেওয়া হয়েছে। অনুষ্ঠানে জেলার বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি, চিকিৎসক, অধ্যাপক, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। আয়োজনে ছানিমুক্ত সিরাজগঞ্জ গড়ার পরিকল্পনা ও কর্মসূচির গুরুত্ব তুলে ধরা হয়। আয়োজকদের ঘোষিত পরিকল্পনা অনুযায়ী, জেলার প্রত্যন্ত অঞ্চলের ছানি রোগীদের শনাক্ত করে পর্যায়ক্রমে বিনামূল্যে অস্ত্রোপচারের আওতায় আনা হবে। বিশেষ করে আর্থিক অসচ্ছল ও চিকিৎসাবঞ্চিত মানুষের চোখের চিকিৎসা নিশ্চিত করাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য। চোখের ছানি একটি চিকিৎসাযোগ্য সমস্যা। সময়মতো অস্ত্রোপচারের মাধ্যমে অনেক মানুষ আবারও স্বাভাবিক দৃষ্টিশক্তি ফিরে পেতে পারেন। তাই ৫০ হাজার মানুষের বিনামূল্যে চোখের অপারেশনের এই উদ্যোগ বাস্তবায়িত হলে সিরাজগঞ্জের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে। সিরাজগঞ্জকে দেশের প্রথম ছানিমুক্ত জেলা হিসেবে গড়ে তোলার এই উদ্যোগ সফল করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, চিকিৎসক সমাজ, স্থানীয় প্রশাসন এবং সাধারণ মানুষের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। সংশ্লিষ্টদের সমন্বিত প্রচেষ্টায় এই কর্মসূচি বাস্তবায়িত হলে তা দেশের অন্যান্য জেলার জন্যও অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে উঠতে পারে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
