|
গাজীপুরে কাজে ফিরছেন শ্রমিকেরা, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
নতুন সময় প্রতিনিধি
|
![]() গাজীপুরে কাজে ফিরছেন শ্রমিকেরা, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী রবিবার (১৫ নভেম্বর) সকাল থেকে বিভিন্ন পোশাক কারখানায় শ্রমিকদের কাজে যোগ দিতে দেখা গেছে। সকাল সাড়ে ৮টা পর্যন্ত শিল্পাঞ্চলের কোথাও নতুন করে শ্রমিক বিক্ষোভ কিংবা সড়ক অবরোধের খবর পাওয়া যায়নি। তবে নিরাপত্তা পরিস্থিতির কারণে আজও ছয়টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (মিডিয়া ও রিসার্চ সেল) আরিফ হোসাঈন রোববার সকালে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১৩ প্লাটুন বিজিবি, পাঁচ প্লাটুন আনসার এবং আট প্লাটুন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সদস্য মোতায়েন করা হয়েছে। ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এসব বাহিনীর সদস্যরা মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন। আরিফ হোসাঈন আরও বলেন, আন্দোলনের নামে রাষ্ট্রীয় সম্পদ, সাধারণ মানুষের জানমাল ও ব্যক্তিগত সম্পত্তির ক্ষতি ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। বিজিবি সদস্যরা ইতিমধ্যে মাঠে কাজ শুরু করেছেন। অন্য বাহিনীর সদস্যরাও প্রস্তুত রয়েছেন। এর আগে ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে কয়েক দিন ধরে গাজীপুরের বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এ সময় পুলিশের বক্স, পুলিশের গাড়ি ও কারখানার গুদামে অগ্নিসংযোগের অভিযোগ ওঠে। বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েক দফা সংঘর্ষে শ্রমিক ও বাহিনীর সদস্যরা আহত হন। এসব ঘটনায় বেশ কয়েকজনকে আটকও করা হয়েছে। শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরের বেশ কয়েকটি কারখানা এর আগে ছুটি ঘোষণা করে। এদিকে আন্দোলনের মধ্যে মুঠোফোনে ভিডিও ধারণের সময় মারধরের শিকার হয়ে তৌফিক নামে এক শ্রমিকের মৃত্যুর ঘটনাও ঘটে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
