রোদ-ঠান্ডায় শূন্যরেখায় পাঁচ দিন, খাবার দেয়াও বন্ধ–এই নারী কে?
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 14 November, 2026, 8:16 PM
রোদ-ঠান্ডায় শূন্যরেখায় পাঁচ দিন, খাবার দেয়াও বন্ধ–এই নারী কে?
খোলা আকাশের নিচে সামান্য খড়কুটো বিছিয়ে তার ওপর পাতলা একটি কম্বল জড়িয়ে বসে আছেন এক নারী। দিনের প্রখর রোদ, রাতের শিশির আর হিমেল হাওয়ার মধ্যে এভাবেই কেটে গেছে টানা পাঁচটি দিন। একদিকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), অন্যদিকে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)–দুই দেশের কঠোর সশস্ত্র পাহারার মাঝখানে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চর সীমান্তের শূন্যরেখায় (নো ম্যানস ল্যান্ড) আটকে পড়েছেন তিনি। নাগরিকত্ব ও পরিচয় নিয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর পরস্পরবিরোধী অবস্থানের কারণে কোনো ভূখণ্ডেই ঠাঁই হচ্ছে না তার।
গত মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল থেকে সীমান্তের শূন্যরেখায় এভাবেই মানবেতর জীবন কাটাচ্ছেন ওই নারী। শুরুতে স্থানীয় বাসিন্দারা মানবিক দিক বিবেচনায় তাকে খাবার ও পানি পৌঁছে দিলেও গতকাল শুক্রবার থেকে বিএসএফের আপত্তির কারণে তা-ও বন্ধ হয়ে গেছে। এ ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকার বাসিন্দাদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ও আলোচনার সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে নানা পোস্ট ও প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। বিবিসি বাংলার এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
স্থানীয় ও বিজিবি সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সকালে বিএসএফ সদস্যরা ওই নারীকে জোর করে বাংলাদেশে ঠেলে দেয়ার (পুশইন) চেষ্টা করেন। তবে বিজিবি সদস্য ও স্থানীয় বাসিন্দাদের বাধার মুখে তিনি বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করতে পারেননি। এরপর থেকে দুই দেশের সীমান্তরক্ষীদের অবস্থানের মাঝখানে শূন্যরেখাতেই অবস্থান করছেন তিনি। ঘটনার পাঁচ দিন হলেও আজ শনিবার (১৪ নভেম্বর) বিকেল পর্যন্ত এ বিষয়ে কোনো সমাধান আসেনি। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে অনানুষ্ঠানিক যোগাযোগ চললেও কেউই নিজেদের অবস্থান থেকে সরে আসেনি।
পরিচয় নিয়ে ধোঁয়াশা
টানা পাঁচ দিন ধরে সীমান্তের শূন্যরেখায় অবস্থান করলেও ওই নারীর প্রকৃত পরিচয় ও নাগরিকত্ব এখনও নিশ্চিত হওয়া যায়নি। তিনি বাংলাদেশের নাগরিক নাকি ভারতের, তা নিয়ে বিজিবি ও বিএসএফের পরস্পরবিরোধী অবস্থানের কারণে কোনো পক্ষই তাকে নিজেদের ভূখণ্ডে প্রবেশ করতে দিচ্ছে না। সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের উপস্থিতিতে স্থানীয় কয়েকজন সাংবাদিক ওই নারীর সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছিলেন। তাদের একজন জামালপুরের সাংবাদিক জি এম ফাতিউল হাফিজ বাবু জানান, ওই নারী নিজের পরিচয় ও ঠিকানা সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য দিতে পারছেন না। তিনি নিজের নাম বলেছেন ফুজি বেগম, বাবার নাম হানিফ এবং বয়স আনুমানিক ৩০ বছর। তবে ঠিকানার বিষয়ে তিনি একেক সময় একেক কথা বলছেন–কখনও নিজের বাড়ি পিরোজপুর, কখনও ঝালকাঠি, আবার কখনও বরিশাল বলে উল্লেখ করেছেন।
ফাতিউল হাফিজ বাবুর ভাষ্য, ওই নারীর কথাবার্তায় যথেষ্ট অসংগতি রয়েছে এবং তার আচরণ দেখেও পুরোপুরি স্বাভাবিক মনে হয়নি। তিনি বলেন, একদিকে বিএসএফ তাকে ভারতের ভেতরে যেতে দিচ্ছে না, অন্যদিকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবিও বাধা দিচ্ছে। ফলে মাঝখানে আটকা পড়ে চরম অসহায় অবস্থায় দিন কাটছে তার।
বন্ধ হয়ে গেছে খাবার পৌঁছানোও স্থানীয় বাসিন্দাদের বরাতে জানা গেছে, ঘটনার প্রথম কয়েক দিন বিজিবির সঙ্গে কথা বলে আশপাশের লোকজন ওই নারীকে ভাত, বিস্কুট, পাউরুটি ও পানির বোতল পৌঁছে দিয়েছিলেন। কিন্তু গতকাল শুক্রবার থেকে বিএসএফের আপত্তির কারণে স্থানীয় লোকজন আর তার কাছে যেতে পারছেন না।
স্থানীয় এক বাসিন্দা বলেন, ওই নারীকে একনজর দেখতে সীমান্তে অনেক মানুষ ভিড় করছেন। কিন্তু আগের মতো কাছে যাওয়ার সুযোগ না থাকায় এবং বিএসএফের বাধার কারণে খাবারও পৌঁছে দেয়া সম্ভব হচ্ছে না।
স্থানীয় সাংবাদিক ফরহাদ রেজা জানান, বিএসএফ শুধু খাবার পৌঁছাতেই আপত্তি জানায়নি, সাংবাদিকদেরও কাছাকাছি গিয়ে ওই নারীর ছবি বা ভিডিও ধারণ করতে দেয়া হচ্ছে না। ফলে খোলা আকাশের নিচে রোদ ও ঠান্ডার মধ্যে চরম দুর্ভোগে পড়েছেন তিনি।
বিজিবির বক্তব্য ও পুশইনের অভিযোগ ওই নারীর নাগরিকত্ব ও পরিচয় এখনও নিশ্চিত করতে পারেনি বিজিবিও। তাদের দাবি, ওই নারী এখন পর্যন্ত নিজের কোনো সুনির্দিষ্ট ঠিকানা দিতে পারেননি। জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, ‘ওই নারী অসম্পূর্ণ কিছু তথ্য দিচ্ছেন। তার কাছ থেকে সুনির্দিষ্ট ঠিকানা পাওয়া যাচ্ছে না। তা ছাড়া তার সঙ্গে স্বাভাবিকভাবে কথাবার্তা চালিয়ে যাওয়াও কঠিন হচ্ছে।’
ওই নারীকে ভারত থেকে জোর করে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ তুলে বিজিবির এই অধিনায়ক বলেন, ‘বিএসএফ দাবি করছে ওই নারী বাংলাদেশের নাগরিক। কিন্তু আমাদের বক্তব্য হলো, তাকে ভারত থেকে পুশইন করার চেষ্টা করা হয়েছে এবং এ বিষয়ে বিজিবির কাছে প্রমাণও রয়েছে। তবে বিএসএফ তাদের বিরুদ্ধে ওঠা এই অভিযোগ স্বীকার করতে চাইছে না।’
লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান আরও জানান, বিষয়টি নিয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে নিয়মিত যোগাযোগ হচ্ছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পর্যায়েও আলোচনা চলছে। বিএসএফকে ওই নারীকে ফিরিয়ে নেয়ার বিষয়ে অনুরোধ জানানো হয়েছে। তবে এ ঘটনায় দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক পতাকা বৈঠক হবে কি না, সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। তিনি বলেন, ‘যতক্ষণ পর্যন্ত ওই নারী শূন্যরেখায় থাকবেন, বিজিবি তাদের নজরদারি বজায় রাখবে। সীমান্তে বিএসএফের যে কোনো তৎপরতা রোধে আমরা কঠোর অবস্থানে আছি।’
সীমান্তে পুশইন ও সাম্প্রতিক প্রেক্ষাপট বাংলাদেশ-ভারত সীমান্তে পুশইনের অভিযোগ নতুন নয়। চলতি বছরের জুন মাসেও কুড়িগ্রামের রৌমারী সীমান্তে পুশইনের শিকার হওয়া দুই শিশুসহ একই পরিবারের চার সদস্যকে ৯৬ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছিল। এ ছাড়া জামালপুরের কামালপুর সীমান্ত দিয়ে ষষ্ঠী চন্দ্র বর্মণ এবং একই জেলার ঝাওডাংগা সীমান্ত দিয়ে এক যুবককে পুশইনের অভিযোগও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল।
২০২৪ সালে বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই দুই দেশের সম্পর্কে টানাপোড়েন দেখা দেয়। এরপর থেকে সীমান্তে অনুপ্রবেশ ও পুশইনের অভিযোগ নিয়ে বিজিবি ও বিএসএফ প্রায়ই মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে। বাংলাদেশ বিভিন্ন সময়ে বিএসএফের বিরুদ্ধে জোর করে লোকজনকে দেশে ঠেলে দেয়ার অভিযোগ তুললেও বিএসএফ বরাবরই তা অস্বীকার করে আসছে। বিষয়টি বাংলাদেশের জাতীয় সংসদেও একাধিকবার আলোচনায় এসেছে এবং বিরোধী দলের প্রশ্নের মুখে পড়েছে সরকার।
সম্প্রতি জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, সরকারের নির্দেশনায় সীমান্তরক্ষী বাহিনীর কঠোর অবস্থানের কারণে আগের তুলনায় পুশইনের ঘটনা উল্লেখযোগ্যভাবে কমেছে। তিনি জানান, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ২০২৬ সালের ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত ভারত থেকে মোট ২ হাজার ৪৮২ জনকে বাংলাদেশে পুশইন করা হয়েছিল। তবে বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর থেকে চলতি বছরের ৮ নভেম্বর পর্যন্ত পুশইনের শিকার হয়েছেন ৩৭ জন।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, পশ্চিমবঙ্গে ক্ষমতার পরিবর্তনের পর বাংলাদেশ সীমান্তের বিভিন্ন এলাকায় পুশইনের চেষ্টা বেড়েছিল। তবে বাংলাদেশ অত্যন্ত ধৈর্যের সঙ্গে এসব পরিস্থিতি মোকাবিলা করেছে। এ ছাড়া বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর সীমান্তে হত্যার ঘটনাও কমেছে বলে দাবি করেন তিনি।
তবে পরিসংখ্যান ও দুই দেশের কূটনৈতিক টানাপোড়েনের বাইরে পাথরের চর সীমান্তের শূন্যরেখায় খোলা আকাশের নিচে বসে থাকা এই নারীর পরিচয় ও নাগরিকত্ব নিশ্চিত না হওয়া পর্যন্ত তার এই মানবেতর অপেক্ষার অবসান কবে হবে, তা এখনও স্পষ্ট নয়।