কুড়িগ্রামে মাদক সেবনে অনুমতি না দেয়ায় ছুরিঘাতে পৌর কেয়ারটেকার নিহত
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
প্রকাশ: Sunday, 8 November, 2026, 4:50 PM
কুড়িগ্রামে মাদক সেবনে অনুমতি না দেয়ায় ছুরিঘাতে পৌর কেয়ারটেকার নিহত
কুড়িগ্রাম পৌর এলাকার সরদারপাড়ার বাসিন্দা জুলহাস আহমেদের পুত্র শাহনেওয়াজ ওরফে সানি (৩২) নামের ১ যুবক পৌর টাউন হল মিলনায়তনে গিয়ে সেখানে মাদক সেবন করতে চাইলে পৌর টাউন হলের কেয়ারটেকার মনসুর আলী(৫৫) বাধা দেয়। এতে সে ক্ষিপ্ত হয়ে মনছুর আলীকে ছুরিঘাত করলে সে মারা যায়, এসময় তার স্ত্রী মল্লিকা বেগম স্বামীকে রক্ষা করতে গিয়ে গুরুতর আহত হয়েছে।
ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার ৭ নভেম্বর দুপুরে পৌর টাউন হলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস অনুষ্ঠানের পর। ঘাতক যুবককে পুলিশ গ্রেফতার করেছে।
নিহত কেয়ারটেকার মনছুর আলী কুড়িগ্রাম পৌর এলাকার বাস স্ট্যান্ড সংলগ্ন ছয়আনি পাড়ার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানান,পৌর টাউন হল মিলনায়তনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠান চলছিল। এসময় সানি মাদক সেবনের জন্য টাউন হল মিলনায়তনে চত্বরে গেলে তাকে বাধা দেয় নিহত কেয়ারটেকার মনসুর আলী। পরে অনুষ্ঠান শেষ হলে অতিথিসহ আগত মানুষজন চলে যায়। দুপুর হওয়ায় মনসুর আলীর স্ত্রী দুপুরের খাবার নিয়ে সেখানে যান। এসময় আটক যুবক তাদের উপর ছুরি নিয়ে হামলা চালায়।
স্থানীয়রা চিৎকার শুনে এগিয়ে এসে আহতাবস্থায় তাদের উদ্ধার করে কুড়িগ্রাম ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসে। এবং সানিকে আটক করে পুলিশে সোপর্দ করে।
কুড়িগ্রাম ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা: নূরে নেওয়াজ বলেন, দুজনকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলেও এরমধ্যে ১জন পথিমধ্যে মারা গেছেন। অপর জনকে গুরুত্বর অবস্থায় ভর্তি করা হয়েছে।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই ঘটনায় সানি নামে ১জনকে গ্রেফতার করা হয়েছে।