গাজীপুর মহানগরের টঙ্গীতে একটি বস্তাকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বস্তার ভেতর থেকে ১০টি ককটেলসদৃশ বস্তু এবং পাশ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুটি ব্যানার উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৩ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে টঙ্গীর গুটিয়ার আন্ধারুল এলাকায় এ ঘটনা ঘটে। পরে বিকেলে ঢাকা থেকে আসা পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ককটেলসদৃশ বস্তুগুলো নিরাপদে নিষ্ক্রিয় করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গুটিয়ার আন্ধারুল এলাকায় নূর নবী হোসেন ওরফে হৃদয়ের বাড়ির সামনে একটি বস্তা পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। সন্দেহ হওয়ায় তারা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তা থেকে ১০টি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করে। একই সময় বস্তার পাশ থেকে আওয়ামী লীগের দুটি ব্যানারও পাওয়া যায়।
নূর নবী হোসেন ওরফে হৃদয় (২২) টঙ্গী পশ্চিম থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বলে জানা গেছে।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান বলেন, নাশকতার উদ্দেশ্যে দুর্বৃত্তরা ককটেলগুলো সেখানে রেখে যেতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। উদ্ধারের পর বিষয়টি পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে জানানো হয়।
তিনি জানান, ঢাকা থেকে আসা বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা শনিবার বিকেল ৪টার দিকে ককটেলসদৃশ বস্তুগুলো নিরাপদে নিষ্ক্রিয় করেন। ঘটনাটি ঘিরে এলাকায় নিরাপত্তা জোরদারের পাশাপাশি এর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।