কাশিমপুরে অবৈধভাবে ৩২০ এলপিজি সিলিন্ডার মজুদ, জরিমানা ৬০ হাজার টাকা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 4 October, 2026, 8:19 PM
কাশিমপুরে অবৈধভাবে ৩২০ এলপিজি সিলিন্ডার মজুদ, জরিমানা ৬০ হাজার টাকা
গাজীপুর মহানগরীর কাশিমপুরে অবৈধভাবে বিপুল পরিমাণ এলপিজি গ্যাস সিলিন্ডার মজুদের অভিযোগে এক ব্যক্তিকে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (৪ অক্টোবর) বিকেল ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত জেলা এনএসআই গাজীপুর কার্যালয়ের তথ্যের ভিত্তিতে মহানগরীর কাশিমপুর থানাধীন ৪ নম্বর ওয়ার্ডের মুন্সি মার্কেট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে সিদ্দিক নামের এক ব্যক্তির বাসাবাড়ির দুটি কক্ষ, একটি গোডাউন ও দোকানে তল্লাশি চালিয়ে প্রায় ৩০০ থেকে ৩২০টি বিভিন্ন ব্র্যান্ডের এলপিজি গ্যাস সিলিন্ডার মজুদ অবস্থায় পাওয়া যায়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অতিরিক্ত মুনাফার আশায় এসব এলপিজি সিলিন্ডার মজুদ করে রাখা হয়েছিল। এছাড়া ওই ব্যক্তির কোনো বৈধ ডিলারশিপ ছিল না বলেও অভিযানে তথ্য পাওয়া যায়।
অভিযোগের সত্যতা পাওয়ায় গাজীপুর জেলা প্রশাসন কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুর নাহিদ নিশাদের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬-এর ৩ ধারা লঙ্ঘনের দায়ে একই আইনের ৬ ধারায় ৬০ হাজার টাকা জরিমানা করেন। পরে জরিমানার অর্থ আদায় করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নিত্যপ্রয়োজনীয় পণ্যের অবৈধ মজুদ ও অতিরিক্ত মুনাফার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।