|
ব্যবসায়িক সম্ভাবনা তৈরি করে শেষ হলো আন্তর্জাতিক নিরাপত্তা এক্সপো
নতুন সময় ডেস্ক
|
![]() ব্যবসায়িক সম্ভাবনা তৈরি করে শেষ হলো আন্তর্জাতিক নিরাপত্তা এক্সপো শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) নবরাত্রি হলে দ্বিতীয়বারের মতো আয়োজিত এই প্রদর্শনী শেষ হয় । আয়োজনের সফলতা নিয়ে আয়োজক প্রতিষ্ঠান আই-স্টেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মধু সুদন সাহা বলেন, তিন দিনের এই আয়োজন আমাদের প্রত্যাশা পূরণ করেছে। দেশি-বিদেশি অংশগ্রহণকারীদের ব্যাপক আগ্রহ ও অংশগ্রহণ প্রমাণ করেছে। বাংলাদেশের সাইবার নিরাপত্তা ও সুরক্ষা খাতে নতুন সম্ভাবনা তৈরি হচ্ছে। সফলভাবে সম্পন্ন হওয়া এ আয়োজন ভবিষ্যতে আরও বড় পরিসরে প্রদর্শনী আয়োজনের অনুপ্রেরণা জোগাবে। আমরা বিশ্বাস করি, এ প্রদর্শনী নতুন ব্যবসায়িক সম্পর্ক, অংশীদারত্ব ও সহযোগিতার দ্বার খুলে দিয়েছে। আগামী দিনগুলোতে এ ধারাবাহিকতা বজায় রেখে দেশের নিরাপত্তা প্রযুক্তি খাতের উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখতে চাই। প্রদর্শনীতে অংশগ্রহণের অভিজ্ঞতা বিষয়ে শেনঝেন নিউব্রিজ কমিউনিকেশন ইকুইপমেন্ট কো. লিমিটেডের সেলস ম্যানেজার ম্যান্ডি শু বলেন, মেলায় অংশ নিয়ে আমাদের অভিজ্ঞতা অত্যন্ত চমৎকার। বাংলাদেশের মানুষের চীনা পণ্যের প্রতি আগ্রহ ও উৎসাহ পেয়েছি। তিন দিনে ২৬০-এর বেশি ট্রেডার ও ডেলিগেটের সঙ্গে বাণিজ্যিক যোগাযোগ তৈরি হয়েছে। এ আয়োজন আমাদের ব্র্যান্ড পরিচিতি বাড়িয়েছে। আশা করছি, বাংলাদেশে নতুন গ্রাহক, ব্যবসায়িক সুযোগ ও দীর্ঘমেয়াদি সম্পর্ক তৈরি হবে। তিন দিনের আয়োজনে কেমন সাড়া পেলেন? জানতে চাইলে স্মার্ট সেফটি অ্যান্ড অটোমেশন লিমিটেডের জেনারেল ম্যানেজার রনি সাহা বলেন, ইন্টারন্যাশনাল সিকিউরিটি এক্সপো ২০২৬ আমাদের জন্য গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। শুরু থেকেই প্রত্যাশার চেয়ে ভালো সাড়া পেয়েছি। সিকিউরিটি, সার্ভেইল্যান্স, ফায়ার অ্যান্ড সেফটি, অটোমেশন ও ইন্টিগ্রেটেড সলিউশন নিয়ে ভিজিটরদের আগ্রহ ছিল। লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে গ্রাহকদের চাহিদা বোঝার সুযোগ হয়েছে। এ ধরনের আয়োজন নতুন ব্যবসায়িক সম্ভাবনা ও দীর্ঘমেয়াদি সম্পর্ক তৈরিতে ভূমিকা রাখে। এ বিষয়ে আইসিসি কমিউনিকেশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও আইসপিএবির জ্যেষ্ঠ সহসভাপতি সাইফুল ইসলাম সিদ্দিক বলেন, মেলায় টিসিএল নাইট ভিশন সিকিউরিটি ক্যামেরায় দর্শনার্থী, করপোরেট ও ব্যবসায়ীদের ভালো সাড়া পেয়েছি। অনেকে আগাম বায়না করেছেন এবং ডিলারশিপ নিতে আগ্রহ দেখিয়েছেন। দেশজুড়ে ডিলারশিপ দেওয়া শুরু করেছি। চীন থেকে ইবিকেএন কোম্পানির সফটওয়্যার সলুউশন নিরাপত্তা ও সুরক্ষা পণ্য নিয়ে প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন সেলস ম্যানেজার রিকা। তিনি বলেন, বাংলাদেশ একটি সম্ভাবনাময় দেশ। প্রযুক্তির দ্রুত উন্নয়নের সঙ্গে তাল মিলিয়ে মানুষের প্রযুক্তি সম্পর্কে ধারণা বাড়াতে হবে। এ ধরনের আয়োজন আরও বেশি প্রয়োজন। আমাদের আনা সব লিফলেট, ব্রুশিয়ার ও ভিজিটিং কার্ড শেষ হয়ে গেছে। প্রত্যাশার চেয়েও বেশি সাড়া পেয়েছি। ভবিষ্যতেও এমন আয়োজনে অংশ নিতে চাই। বিডিকম অনলাইন লিমিটেডের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার সাদমান সাকিব বলেন, ইন্টারন্যাশনাল সিকিউরিটি এক্সপো ২০২৬ আমাদের জন্য অনন্য অভিজ্ঞতা। সাইবার ডিফেন্স, ইএমএস ও স্মার্টট্র্যাকার ভেহিকল ট্র্যাকিং সলিউশন প্রদর্শন করেছি। দেশীয় প্রযুক্তিতে আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করতে ইএমএস লঞ্চ করেছি। এ অংশগ্রহণ নেটওয়ার্কিং, ব্র্যান্ড উপস্থিতি ও নতুন ব্যবসায়িক সম্ভাবনা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আয়োজন নিয়ে হিকভিশন বাংলাদেশের প্রজেক্ট ডিজাইন ইঞ্জিনিয়ার আল শাহরিয়ার বলেন, ইন্টারন্যাশনাল সিকিউরিটি এক্সপো ২০২৬-এ এআইওটি সিকিউরিটি সলিউশন প্রদর্শন করে ব্যাপক সাড়া পেয়েছি। স্মার্ট এডুকেশন, স্মার্ট ট্রাফিক ও ইন্টেলিজেন্ট ফ্যাসিলিটিজ নিয়ে গ্রাহকদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ হয়েছে। ইতিবাচক প্রতিক্রিয়া ভবিষ্যতে আরও উন্নত সেবা দিতে উৎসাহিত করবে। সফল আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ। দাহুয়া টেকনোলজি কোং লিমিটেডের প্রজেক্ট হেড, দক্ষিণ এশিয়া অ্যান্ডি সান বলেন, ইন্টারন্যাশনাল সিকিউরিটি এক্সপো ২০২৬ সফলভাবে সম্পন্ন হয়েছে। গোছানো ও দৃষ্টিনন্দন আয়োজন দর্শনার্থীদের আকৃষ্ট করেছে। দেশের নিরাপত্তা প্রযুক্তি খাতের উন্নয়নে বিসিএসের উদ্যোগ প্রশংসনীয়। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এমন আয়োজন হবে বলে প্রত্যাশা করি। কম্পিউটার সিটি টেকনোলজিস লিমিটেডের ক্রিয়েটিভ ব্র্যান্ড ম্যানেজার রিয়াজ আহাম্মেদ বলেন, আন্তর্জাতিক সিকিউরিটি এক্সপো ২০২৬-এ দ্বিতীয়বার অংশগ্রহণ আমাদের জন্য আনন্দদায়ক অভিজ্ঞতা। সুপরিকল্পিত আয়োজনের জন্য মেলা কমিটিকে ধন্যবাদ। সাতটি আন্তর্জাতিক সিকিউরিটি সলিউশন ব্র্যান্ড নিয়ে অংশ নিয়ে ব্যাপক সাড়া পেয়েছি। এ আয়োজন নিরাপত্তা প্রযুক্তি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি ডিলার, করপোরেট প্রতিষ্ঠান ও অংশীজনদের সঙ্গে যোগাযোগ এবং নতুন ব্যবসায়িক সম্পর্ক তৈরির সুযোগ সৃষ্টি করেছে। প্রদর্শনীটি যৌথভাবে আয়োজন করেছে দেশের প্রযুক্তিপণ্য সেবাদানকারী প্রতিষ্ঠান আই-স্টেশন লিমিটেড, তথ্যপ্রযুক্তি ব্যবসায়ীদের বাণিজ্যক সংগঠন বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস)। তিন দিনব্যাপী এ আয়োজনে বিশ্বের ১০টি দেশের প্রায় ১৫০টি শীর্ষস্থানীয় ব্র্যান্ডের নিরাপত্তা কোম্পানি, ৫ শ’র বেশি নিরাপত্তা ও সুরক্ষা বিশেষজ্ঞ অংশ নিয়েছেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
