|
শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ৪ কোটি ৬৭ লাখ টাকা দিল বিমান
নতুন সময় প্রতিবেদক
|
![]() শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ৪ কোটি ৬৭ লাখ টাকা দিল বিমান মঙ্গলবার (১৮ আগস্ট) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা কাইজার সোহেল আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে তাঁর দপ্তরে সাক্ষাৎ করে। এ সময় মুনাফার অংশের চেকটি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালকের কাছে হস্তান্তর করা হয়। প্রতিনিধিদলে বিমানের উপব্যবস্থাপনা পরিচালক ও উপপ্রধান নির্বাহী কর্মকর্তা, পরিচালক অর্থ এবং মহাব্যবস্থাপক পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানায়, বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ২৩৪ ধারা অনুযায়ী কোনো প্রতিষ্ঠানের নিট মুনাফার পাঁচ শতাংশ শ্রমিক মুনাফা অংশগ্রহণ ও কল্যাণ তহবিলে দেওয়ার বিধান রয়েছে। এর মধ্যে ওই অর্থের ১০ শতাংশ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন আইন ২০০৬-এর ১৪ ধারার অধীনে প্রতিষ্ঠিত শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে হস্তান্তরের বিধান রয়েছে। এই আইনি বিধানের আওতায় ২০২৪-২৫ অর্থবছরে বিমানের শ্রমিক মুনাফা অংশগ্রহণ তহবিলে প্রদেয় অর্থের ১০ শতাংশ হিসেবে ৪ কোটি ৬৭ লাখ ৪২ হাজার ৭১৪ টাকার চেক প্রদান করা হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে বলা হয়েছে, প্রতিষ্ঠানের ইতিহাসে এবারই প্রথম শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে মুনাফার অংশ দেওয়া হলো। জাতীয় আইন ও বিধিবিধানের প্রতি শ্রদ্ধা রেখে এই অর্থ প্রদান করা হয়েছে। প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে মুনাফার ন্যায্য অংশ প্রদান বিমানের প্রাতিষ্ঠানিক দায়বদ্ধতার অংশ। স্বচ্ছতা ও জবাবদিহিমূলক আর্থিক ব্যবস্থাপনা নিশ্চিত করার পাশাপাশি ভবিষ্যতেও দেশের শ্রমজীবী মানুষের প্রতি এ ধরনের দায়বদ্ধতা পালনের অঙ্গীকার রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
