|
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিষিদ্ধ ছাত্রলীগের খাবার বিতরণ
মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, ময়মনসিংহ
|
![]() উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিষিদ্ধ ছাত্রলীগের খাবার বিতরণ শনিবার (১৫ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইমরান হাসান সিজানের উদ্যোগে এ খাবার বিতরণ করা হয়েছে। জানা গেছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ কর্মসূচি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট শাহ্ মনজুরুল হকের ব্যানারে এবং উপজেলা আওয়ামী লীগের নির্দেশনায় অনুষ্ঠিত হয় বলে দাবি করা হয়েছে। উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো. ইমরান হাসান সিজান নিজের ফেসবুক আইডিতে হাসপাতালে খাবার বিতরণের ভিডিও পোষ্ট করে লিখেন, ১৫ আগষ্ট ২০২৬- মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৫১ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ক্ষুদ্র প্রয়াস। অসুস্থ ১০০ রোগীদের মাঝে খাবার বিতরণ। ভয় কে জয় করে মামলা, হামলা, হুলিয়া উপেক্ষা করে সহযোদ্ধাদের নির্ঘুম রাত, প্রশাসনের কড়া পাহাড়ার মধ্যদিয়ে সর্বোচ্চ ঝুঁকি নিয়ে স্বতঃস্পুর্ধ অংশগ্রহণ প্রমাণ করে,আমরা আদর্শের কমিটেড এবং আদর্শিক লড়াইয়ে- আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। কোনো বাঁধা আমাদের এই অপ্রতিরোধ্য অগ্রযাত্রা ব্যাহত করতে পারবেনা। ইনশাআল্লাহ। উপস্থিত সকলের প্রতি আমৃত্যু কৃতজ্ঞ-কৃতজ্ঞতা আল্লাহ পাক হায়াতে বাঁচাইয়া রাখলে যেকোনো পরিস্থিতিতে অতীতের ন্যায় পাশে ছিলাম, আছি, থাকবো ইনশাআল্লাহ। দোয়া চাই। মো. ইমরান হাসান সিজান বলেন, রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা এবং মানুষের পাশে থাকার দায়বদ্ধতা থেকেই এ উদ্যোগ। একই সাথে স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দেওয়া বাংলাদেশ আওয়ামী লীগের ওপর আরোপিত কার্যক্রম নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানাই। প্রতিকূলতা যতই থাকুক, মানবিক কাজে মানুষের পাশে থেকে আমাদের আদর্শিক অবস্থান অব্যাহত থাকবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খাবার বিতরণে অনুমতি ছিল কি না, কিংবা বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ কীভাবে দেখছেন- এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জাকির হোসাইন বলেন, ১৫ আগস্ট সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত তিনি হাসপাতালে ছিলেন। ওই সময় এমন কোনো ঘটনা ঘটেনি। তবে ১৪ আগস্ট বিকাল পৌনে ৫টা থেকে ৫টার দিকে এমন ঘটনা ঘটেছে বলে জানান তিনি। এরপর ফোনের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম বলেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ১৫ আগস্ট বিকেল ৪টার দিকে ফোন করে ১৪ ই আগস্ট বিকাল সাড়ে চারটা হতে পাঁচটার মধ্যে খাবার বিতরণের বিষয়টি ফোন করে জানিয়েছেন। এ বিষয়ে স্বাস্থ্য কর্মকর্তা বিভাগীয় ব্যবস্থা নিচ্ছেন। এছাড়া ১৫ আগস্টকে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের যেকোনো ধরনের অপতৎপরতা রোধে পুলিশ মাঠে কাজ করছে বলেও জানান তিনি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
