|
ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় ‘মাইন্ড মাস্টার রিট্রিট’ প্রকাশিত হলো ড. মেছবাহ উদ্দিনের নতুন বই
নতুন সময় ডেস্ক
|
![]() ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় ‘মাইন্ড মাস্টার রিট্রিট’ প্রকাশিত হলো ড. মেছবাহ উদ্দিনের নতুন বই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আমিন এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রেদওয়ান হোসেন। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ওয়েলবিইং বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, লেখক ও ‘দ্য মাইন্ড মেন্টর’ ড. মেছবাহ উদ্দিনের নতুন বই ‘ওভারথিংকিং ডিটক্স ব্লুপ্রিন্ট’-এর আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন। বইটিতে আধুনিক জীবনের অতিরিক্ত চিন্তা, মানসিক চাপ ও থট প্যাটার্ন নিয়ন্ত্রণে বাস্তবধর্মী কৌশল ও সচেতনতামূলক দিকনির্দেশনা তুলে ধরা হয়েছে। ‘আনলিশ দ্য পাওয়ার অব হিলিং’ এবং ‘স্লিপ ওয়েলনেস ব্লুপ্রিন্ট’-এর পর এটি তার ওয়েলবিইং বিষয়ক আরেকটি প্রকাশনা। প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ফারজানা শারমিন বলেন, সমাজ পরিবর্তনে মানসিক সুস্থতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে ভূমিকা রাখবে। তিনি বলেন, ‘ওভারথিংকিং ডিটক্স ব্লুপ্রিন্ট’ বইটির মূল বার্তা মানুষকে নতুনভাবে ভাবতে শেখাবে। চিন্তাকে শত্রু হিসেবে না দেখে কীভাবে ইতিবাচকভাবে পরিচালনা করা যায়, বইটি সে বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিয়েছে। তিনি আরও বলেন, শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, একটি সুস্থ সমাজ গঠনে মানুষের মানসিক স্বাস্থ্য ও নৈতিক শিক্ষার ওপর সমান গুরুত্ব দিতে হবে। পরিবার থেকেই পরিবর্তনের শিক্ষা শুরু হওয়া প্রয়োজন এবং সরকার একা নয়, সমাজের প্রতিটি মানুষকে এই পরিবর্তনের অংশ হতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে ব্যারিস্টার রেদওয়ান হোসেন বলেন, বাংলাদেশে মানসিক সুস্থতা নিয়ে সচেতনতা এখনও প্রয়োজনের তুলনায় কম। অথচ বৈশ্বিকভাবে বিষয়টি অত্যন্ত গুরুত্ব পাচ্ছে। তিনি বলেন, মানসিক অসুস্থতা তৈরি হওয়ার আগেই স্ট্রেস ব্যবস্থাপনা ও মানসিক সুস্থতা নিয়ে কাজ করা জরুরি। এ ক্ষেত্রে ওয়েলবিইং বাংলাদেশ ফাউন্ডেশনের উদ্যোগ প্রশংসনীয়। বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আমিন বলেন, ব্যক্তিগত ওয়েলনেস পরিবার, কর্মক্ষেত্র ও সমাজে ইতিবাচক প্রভাব ফেলে। অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি মানুষের সফট স্কিল ও মানসিক সুস্থতার বিষয়েও সমান গুরুত্ব দিতে হবে। তিনি নতুন মাস্টার কোচদের সমাজে ওয়েলনেসের বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। ড. মেছবাহ উদ্দিন বলেন, বর্তমান সময়ে তথ্যের অভাব নয়, বরং অতিরিক্ত তথ্য ও মানসিক চাপ মানুষের বড় চ্যালেঞ্জ। তাই চিন্তার সঙ্গে লড়াই না করে সেটিকে সঠিকভাবে পরিচালনা করতে শেখাই ‘ওভারথিংকিং ডিটক্স ব্লুপ্রিন্ট’-এর মূল বার্তা। তিনি বলেন, ওয়েলবিইংকে শুধু মানসিক নয়, শারীরিক, সামাজিক, পারিবারিক, পেশাগত ও অর্থনৈতিক—সব দিক থেকেই দেখতে হবে। অনুষ্ঠানে মাস্টার কোচ অ্যাক্সেলারেটর (এমসিএ) প্রোগ্রাম সম্পন্নকারীদের সনদ ও স্বীকৃতি প্রদান করা হয়। পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় নির্বাচিত ব্যক্তিদের সম্মাননা দেওয়া হয়। একই আয়োজনে ড. মেছবাহ উদ্দিনের মেন্টরশিপে গড়ে ওঠা ছয়জন নতুন লেখকের ছয়টি বইয়েরও প্রকাশনা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী আয়োজনে ‘রিইগনাইট ইয়োর পটেনশিয়াল’, ‘রিডিজাইন ইয়োর ইনার স্টোরি অ্যান্ড রাইজ অ্যাবাভ ক্যাওস’ এবং ‘ব্রেক ফ্রি ফ্রম ফিয়ার অ্যান্ড বি আনস্টপেবল’সহ বিভিন্ন ট্রান্সফরমেশনাল ও অভিজ্ঞতাভিত্তিক সেশন অনুষ্ঠিত হয়। আয়োজকরা জানান, দেশের তরুণ প্রজন্মসহ সর্বস্তরের মানুষের সামগ্রিক ওয়েলবিইং নিশ্চিত করতে দীর্ঘমেয়াদি সচেতনতামূলক ও মানবিক উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
