|
জাতীয় যুব দিবসে গণকণ্ঠের আলোচনা ও সম্মাননা স্মারক প্রদান
নতুন সময় প্রতিবেদক
|
![]() জাতীয় যুব দিবসে গণকণ্ঠের আলোচনা ও সম্মাননা স্মারক প্রদান রাজধানীর প্ল্যানার্স টাওয়ারে রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় দৈনিক গণকন্ঠ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক গণকণ্ঠের সম্পাদক ও প্রকাশক এবং টেলিলিংক গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল এ টি এম আনিসুজ্জামান (অব.)। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক, শিক্ষাবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও তরুণ প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সভাপতির বক্তব্যে দৈনিক গণকণ্ঠ সম্পাদক মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু বলেন, যুবসমাজ একটি দেশের সবচেয়ে বড় শক্তি ও সম্ভাবনার উৎস। দেশের স্বাধীনতা, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং বিভিন্ন জাতীয় সংকট মোকাবিলায় তরুণরা ঐতিহাসিক ভূমিকা পালন করেছে। উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে হলে এই শক্তিকে সঠিকভাবে কাজে লাগাতে হবে। তিনি বলেন, তরুণদের শুধু শিক্ষিত করলেই হবে না, তাদের আধুনিক প্রযুক্তি, কারিগরি জ্ঞান, নৈতিকতা ও নেতৃত্বের গুণাবলিতে দক্ষ করে গড়ে তুলতে হবে। একই সঙ্গে মাদক, সামাজিক অবক্ষয় ও নেতিবাচক কর্মকাণ্ড থেকে যুবসমাজকে দূরে রেখে সৃজনশীল ও উৎপাদনমুখী কাজে সম্পৃক্ত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন। এ ক্ষেত্রে সরকার, গণমাধ্যম, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও বেসরকারি খাতকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল এ টি এম আনিসুজ্জামান (অব.) তাঁর বক্তব্যে বলেন, যুবসমাজ যেকোনো জাতির প্রাণশক্তি ও অগ্রগতির প্রধান চালিকাশক্তি। বাংলাদেশের ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ, নব্বইয়ের গণ-অভ্যুত্থান এবং ২০২৪ সালের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানসহ দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক অর্জনে তরুণদের অবদান অনস্বীকার্য। দৈনিক গণকন্ঠের বিশেষ প্রতিনিধি সুমন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে দৈনিক গণকণ্ঠের যুগ্ম সম্পাদক ম. শেফায়েত হোসেন, বিশিষ্ট চলচ্চিত্র সাংবাদিক নেতা আহমেদ তেপান্তর, , সাংবাদিক নেতা দৈনিক গণকণ্ঠের চিফ রিপোর্টার গোলাম রহমান দুর্জয়, আরটিবির সিনিয়র রিপোর্টার মো: রনি মজুমদার, চ্যানেল ২৪ প্রতিনিধি (ইনভেসটিগেশন) এমডি আমান উল্লাহ আমান নবি, দৈনিক গণকণ্ঠ পত্রিকার মফস্বল সম্পাদক বাবুল হৃদয় প্রমূখ বক্তৃতা করেন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এ ছাড়া বিভিন্ন ক্ষেত্রে অবদান ও বিশেষ কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ নির্বাচিত ব্যক্তি ও প্রতিনিধিদের মধ্যে সম্মাননা স্মারক প্রদান করা হয়। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
