ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১২ জুলাই ২০২৬ ২৮ আষাঢ় ১৪৩৩
বন্যার্তদের পাশে গাজীপুরের ব্যতিক্রমী উদ্যোগ: ৫ এমপির এক মাসের বেতন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের একদিনের বেতন ত্রাণ তহবিলে
ফাহিম ফরহাদ, গাজীপুর
প্রকাশ: Sunday, 12 July, 2026, 4:35 PM

বন্যার্তদের পাশে গাজীপুরের ব্যতিক্রমী উদ্যোগ: ৫ এমপির এক মাসের বেতন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের একদিনের বেতন ত্রাণ তহবিলে

বন্যার্তদের পাশে গাজীপুরের ব্যতিক্রমী উদ্যোগ: ৫ এমপির এক মাসের বেতন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের একদিনের বেতন ত্রাণ তহবিলে

দেশের চলমান বন্যা পরিস্থিতিতে দুর্গত মানুষের পাশে দাঁড়াতে ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগ নিয়েছে গাজীপুর জেলা। জেলার পাঁচটি সংসদীয় আসনের সব সংসদ সদস্য তাঁদের এক মাসের সম্পূর্ণ মূল বেতন এবং জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা তাঁদের একদিনের মূল বেতন প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

রোববার (১২ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়া। বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন।

সভা চলাকালে গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক এ কে এম ফজলুল হক মিলন বন্যাকবলিত মানুষের সহায়তায় নিজের এক মাসের সম্পূর্ণ মূল বেতন ত্রাণ তহবিলে দেওয়ার ঘোষণা দেন। একই সঙ্গে তিনি সভায় উপস্থিত সরকারি কর্মকর্তা- কর্মচারীদের একদিনের মূল বেতন দেওয়ার আহ্বান জানান।

তাঁর এ প্রস্তাবে তাৎক্ষণিক সমর্থন জানান জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া। পরে সভায় উপস্থিত বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরাও নিজ নিজ প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে এই উদ্যোগে অংশ নেওয়ার বিষয়ে সম্মতি দেন।

জেলা প্রশাসক জানান, সভায় উপস্থিত না থাকা গাজীপুরের অন্য চার সংসদ সদস্যের সঙ্গে তাৎক্ষণিকভাবে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তাঁরাও স্বতঃস্ফূর্তভাবে এক মাসের মূল বেতন ত্রাণ তহবিলে দেওয়ার সিদ্ধান্তে সম্মতি জানান।

এক মাসের মূল বেতন দান করবেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান, গাজীপুর-২ আসনের এম মঞ্জুরুল করিম রনি, গাজীপুর-৩ আসনের ডা. রফিকুল ইসলাম বাচ্চু, গাজীপুর-৪ আসনের সালাহ উদ্দীন আইয়ুবী এবং গাজীপুর-৫ আসনের এ কে এম ফজলুল হক মিলন।

জেলা প্রশাসন জানিয়েছে, আগামী তিন কর্মদিবসের মধ্যে জেলার সব সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের একদিনের মূল বেতনের সমপরিমাণ অর্থ সংগ্রহ করা হবে। এরপর জেলা প্রশাসনের সার্বিক সমন্বয়ে দ্রুততম সময়ে সেই অর্থ প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে পাঠানো হবে।

জেলা প্রশাসক (যুগ্ম সচিব) মো. নূরুল করিম ভূঁইয়া বলেন, “গাজীপুর একটি বিশেষ জেলা। জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের এই যৌথ উদ্যোগ দেশের অন্য জেলার জন্যও অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।”

সভায় আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. শরিফ উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন, মহানগর পুলিশ ও র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান এবং সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status