ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
আর্জেন্টিনা ভক্ত সেনবাগের ভাইরাল সেই আজাদ মেম্বার গ্রেপ্তার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 28 June, 2026, 7:47 PM

আর্জেন্টিনা ভক্ত সেনবাগের ভাইরাল সেই আজাদ মেম্বার গ্রেপ্তার

আর্জেন্টিনা ভক্ত সেনবাগের ভাইরাল সেই আজাদ মেম্বার গ্রেপ্তার

নোয়াখালীর সেনবাগ উপজেলার আলোচিত আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থক ও সাবেক ইউপি সদস্য আবুল কালাম আজাদ ওরফে আজাদ মেম্বারকে রাজনৈতিক মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৮ জুন) দুপুরে সেনবাগ থানার সামনে সুলতান প্লাজা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আজাদ মেম্বার উপজেলার ডমুরুয়া ইউনিয়নের জিরুয়া গ্রামের বাসিন্দা। তিনি ডমুরুয়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ছিলেন। এছাড়াও তিনি যুবলীগের রাজনীতি করতেন বলে জানা গেছে। 

জানা যায়, আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি ভালোবাসার কারণে কয়েক বছর ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে আলোচনায় রয়েছেন আজাদ মেম্বার। বিশ্বকাপ কিংবা কোপা আমেরিকা এলেই তিনি নিজের বাড়ি, দোকানঘর, উঠান ও আশপাশের পরিবেশ আকাশি-সাদা রঙে সাজিয়ে তোলেন। দূর থেকে দেখলে এলাকাটি যেন আর্জেন্টিনার কোনো অংশ বলে মনে হয়।

স্থানীয়দের ভাষ্য, ফুটবলের প্রতি ভালোবাসা থেকে তিনি প্রায় ২২ শতক জমি বিক্রি করে নিজের বাড়ি ও আশপাশের এলাকাকে ‘আর্জেন্টিনা নগর’ হিসেবে গড়ে তুলেছেন। সম্পত্তি বলতে বর্তমানে তার রয়েছে কেবল বসতভিটা। চা বিক্রি করে জীবিকা নির্বাহ করলেও প্রিয় দল আর্জেন্টিনার প্রতি তার ভালোবাসায় কখনো ভাটা পড়েনি।

নিজের বাড়ি ও দোকানঘরজুড়ে আর্জেন্টিনার পতাকা, জাতীয় দলের রং এবং বিভিন্ন প্রতীক ব্যবহার করে তিনি একটি ব্যতিক্রমী পরিবেশ সৃষ্টি করেছেন। এ কারণে দেশজুড়ে ফুটবলপ্রেমীদের কাছে তিনি ‘আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বার’ নামে পরিচিতি লাভ করেন। তার সেই আর্জেন্টিনা নগর দেখতে বিভিন্ন সময় দেশের নানা প্রান্ত থেকে দর্শনার্থীরাও সেখানে ভিড় করেন।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম সরকার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, একটি রাজনৈতিক মামলায় আজাদ মেম্বারকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status