|
ডিজিটাল নিরাপত্তায় সিএমপির সাইবার সাপোর্ট সেন্টার উদ্বোধন
আবু হানিফ রানা, চট্টগ্রাম
|
![]() ডিজিটাল নিরাপত্তায় সিএমপির সাইবার সাপোর্ট সেন্টার উদ্বোধন মঙ্গলবার (৯ জুন) দুপুরে নগরীর দামপাড়া পুলিশ লাইন্স-এ আয়োজিত এক অনুষ্ঠানে সেন্টারটির উদ্বোধন করেন হাসান শওকত আলী। সিএমপি সূত্র জানায়, নতুন এই সেন্টার নাগরিকদের সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করবে। একই সঙ্গে অনলাইন প্রতারণা, হ্যাকিং, ভুয়া আইডি (ফেইক আইডি) পরিচালনা এবং অন্যান্য সাইবার অপরাধের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের অভিযোগ গ্রহণ ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে। উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ কমিশনার হাসান শওকত আলী বলেন, সাইবার সাপোর্ট অ্যান্ড রেসপন্স সেন্টারের মাধ্যমে নাগরিকদের অনলাইন প্রতারণা, হ্যাকিং, ফেইক আইডি ও অন্যান্য সাইবার অপরাধ সংক্রান্ত অভিযোগ গ্রহণ করা হবে। অভিযোগের ধরন অনুযায়ী তাৎক্ষণিক করণীয় বিষয়ে পরামর্শ ও দিকনির্দেশনাও দেওয়া হবে। তিনি আরও বলেন, সাইবার অপরাধের ঘটনায় স্ক্রিনশট, লিংক, কল রেকর্ড, এসএমএসসহ বিভিন্ন ডিজিটাল তথ্য সংরক্ষণে ভুক্তভোগীদের সহায়তা করা হবে। পাশাপাশি পাসওয়ার্ড সুরক্ষা, ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষা, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্কতা এবং ডিজিটাল নিরাপত্তা বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, উপ-কমিশনার (দক্ষিণ) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া, উপ-কমিশনার (সদর) ফেরদৌস আলী চৌধুরী, উপ-কমিশনার (ট্রাফিক-পশ্চিম) নিষ্কৃতি চাকমা, উপ-কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) মোহাম্মদ লিয়াকত আলী খান এবং উপ-কমিশনার (সিএসবি) গোলাম রুহুল কুদ্দুস। সিএমপির কর্মকর্তারা আশা প্রকাশ করেন, নতুন এই সেন্টার চালুর মাধ্যমে সাইবার অপরাধ মোকাবিলায় নাগরিকদের দ্রুত সহায়তা নিশ্চিত হবে এবং ডিজিটাল নিরাপত্তা বিষয়ে জনসচেতনতা আরও বৃদ্ধি পাবে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
