|
কাপ্তাইয়ের শিলছড়িতে আনসার ব্যাটালিয়নের জায়গা অধিগ্রহণে ১০ কোটি টাকার দুনীর্তির অভিযোগ, দুদকের মামলা
চাই সুই উ মারমা, রাঙ্গামাটি
|
![]() কাপ্তাইয়ের শিলছড়িতে আনসার ব্যাটালিয়নের জায়গা অধিগ্রহণে ১০ কোটি টাকার দুনীর্তির অভিযোগ, দুদকের মামলা দুর্নীতি দমন কমিশন রাঙামাটি সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ রাজু আহমেদ চলতি বছরের ২২ ফেব্রুয়ারি কাপ্তাইয়ের শিলছড়িতে অবস্থিত ষ্টারলিং ফ্লাইউড ইন্ডাস্ট্রিজ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক হাসান মাহমুদ খান এর বিরুদ্ধে এই মামলা দায়ের করেন। এতে জায়গা অধিগ্রহণ বাবদ ১০ কোটি ৩৮ লক্ষ ৮৬ হাজার টাকা আত্মসাৎ এর অভিযোগ আনা হয় উক্ত ব্যক্তির বিরুদ্ধে। মামলার এজাহারে রাজু আহমেদ উল্লেখ্য করেন, অনুসন্ধানকালে প্রকাশ পায়, রাঙামাটি পার্বত্য জেলার কাপ্তাই উপজেলাধীন ১০০ নং ওয়াগ্গা মৌজার শিলছড়িস্থ গ্রামে অবস্থিত ষ্টারলিং ফ্লাইউড ইন্ডাস্ট্রিজ লিঃ কোম্পানিটি যৌথ মূলধন কোম্পানিটি হিসেবে নিবন্ধিত ছিল। উক্ত কোম্পানির উদ্যোক্তা পরিচালকগণ সবাই পাকিস্তানি নাগরিক ছিলেন। পরবর্তীতে নানান সময়ে এর মালিকানা পরিবর্তন হয় এবং হাসান মাহমুদ খান ভুয়াভাবে ব্যবস্থাপনা পরিচালক হন। অনুসন্ধানকালে রাঙামাটি জেলা প্রশাসকের রেকর্ড শাখায় ষ্টারলিং ফ্লাইউড ইন্ডাস্ট্রিজ লিঃ এর নামে লীজ প্রদান সংক্রান্ত কোন রেকর্ডপত্র পাওয়া যায়নি। এমনকি অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তি উক্ত কোম্পানির লীজ ডিডটি তদন্তকারী কর্মকর্তাকে প্রদর্শনে ব্যর্থ হয়েছে। ষ্টারলিং ফ্লাইউড ইন্ডাস্ট্রিজ লিঃ নামে উক্ত জায়গাটি কিভাবে রেকর্ডভুক্ত হয়েছে এই সংক্রান্ত কোন তথ্যাদিও পাওয়া যায়নি। মামলার নথিতে আরো উল্লেখ করা হয়, জালিয়াতির মাধ্যমে সৃজিত দলিলের মাধ্যমে ষ্টারলিং ফ্লাইউড ইন্ডাস্ট্রিজ লিঃ নামে রেকর্ডীয় ২২.১৭ একর ভূমি হতে আনসার ব্যাটালিয়ান এর জন্য ২০১৫ সালে অধিগ্রহণের প্রস্তাব দাখিল করার পর রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ে, ৮.০৯ একর জমির বিপরীতে ক্ষতিপুরণ প্রদানের জন্য সিদ্ধান্ত গ্রহণ করেন। পরে ২০১৮ সালে ৮.০৯ একর জমিসহ তদস্থিত গাছ পালার ক্ষতিপুরণ বাবদ ১০ কোটি ৩৮ লক্ষ ৮৬ হাজার টাকা চেকের মাধ্যমে ষ্টারলিং ফ্লাইউড ইন্ডাস্ট্রিজ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক হিসাবে চেকের মাধ্যমে হাসান মাহমুদ খান গত ২জুলাই ২০১৮ সালে গ্রহণ করেন। তিনি স্টারলিং ফ্লাইউড ইন্ডাস্ট্রিজ লিঃ শিরোনামে চট্টগ্রাম জুবলি রোড শাখায় পরিচালিত হিসাব নং ০১২৩৬০০০৬৯১ এর মাধ্যমে উক্ত এলএ চেকটি নগদায়ন করেন।স্টারলিং ফ্লাইউড ইন্ডাস্ট্রিজ লিঃ উক্ত ভুমিটি যে উদ্দেশ্যে সরকার হতে লীজ নিয়েছিল তা সে উদ্দেশ্যে ব্যবহারযোগ্য না হলে তা সরকারের নিকট ফেরতযোগ্য। এমতাবস্থায়,হাসান মাহমুদ খান প্রতারণা ও জাল-জালিয়তির মাধ্যমে উক্ত লীজ ডিড গায়েব করে শুধুমাত্র জমাবন্দি প্রদর্শনপূর্বক ষ্টারলিং ফ্লাইউড লিঃ এর নামে ৮.০৯ একর লীজকৃত জমির মূল্য বাবদ ১০ কোটি ৩৮ লক্ষ ৮৬ হাজার টাকা গ্রহণ করে যা দন্ডবিধির ৪০৯/৪২০/২০১/৪৬৭/৪৬৮ ধারা'র অপরাধ করেছেন মর্মে প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে বর্ণিত ধারায় মামলা দায়ের করেন দুদক রাঙামাটি সমন্বিত জেলা কার্যালয়ের সহকারি পরিচালক মো. রাজু আহমেদ। এই বিষয়ে সোমবার (৮ জুন) সন্ধ্যায় মুঠোফোনে ষ্টারলিং ফ্লাইউড ইন্ডাস্ট্রিজ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক হাসান মাহমুদ খান এর সাথে যোগাযোগ করা হলে প্রথমে তাঁর মেয়ে পরিচয় এ একজন কল রিসিভ করেন। পরবর্তীতে আবারও কল করলে তিনি ফোন ধরেন নাই। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
